ছবিটি গতকাল ৭ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া। কাতাইব হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সামাজিক যোগাযোগমাধ্যম আউটলেট ভিডিওটি প্রকাশ করেছে। ভিডিওতে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। তিনি অজানা একটি স্থান থেকে কথা বলছেন
ছবিটি গতকাল ৭ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া। কাতাইব হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সামাজিক যোগাযোগমাধ্যম আউটলেট ভিডিওটি প্রকাশ করেছে। ভিডিওতে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। তিনি অজানা একটি স্থান থেকে কথা বলছেন

মুক্তি পেলেন ইরাকে অপহৃত মার্কিন নারী সাংবাদিক

ইরাকের রাজধানী বাগদাদ থেকে এক সপ্তাহ আগে অপহরণ করা মার্কিন নারী সাংবাদিক শেলি কিটলসনকে ছেড়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর মুক্তির খবর নিশ্চিত করেছেন।

ইরান–সমর্থিত মিলিশিয়া দল কাতাইব হিজবুল্লাহ গতকাল মঙ্গলবার ভোরে বলেছে, এখনই ইরাক ছাড়বে—এ শর্তে তারা শেলি কিটলসনকে মুক্তি দিয়েছে। গত ৩১ মার্চ ফ্রিল্যান্স সাংবাদিক কিটলসনকে অপহরণ করা হয়েছিল।

রুবিও বলেছেন, ‘এই মুক্তি মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি ট্রাম্প প্রশাসনের অটল প্রতিশ্রুতির প্রতিফলন, তা তাঁরা বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন।’

রুবিও কিটলসনের মুক্তি নিশ্চিত করতে সহায়তার জন্য ইরাকি কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং বলেন, যুক্তরাষ্ট্র এখন ইরাক থেকে কিটলসনের নিরাপদ প্রস্থানে সহায়তা করতে কাজ করছে।

৪৯ বছর বয়সী কিটলসনকে অপহরণের সময় ইরাক সরকার বলেছিল, তাদের নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন অপহরণকারীদের ধাওয়া করেছিল, যার ফলে অপহরণকারীদের একটি গাড়ি উল্টে যায় এবং একজনকে গ্রেপ্তার করা হয়।

শেলি কিটলসন

গত সপ্তাহে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বিদেশিদের অপহরণের জন্য দায়ী ব্যক্তিদের ধরতে নিরাপত্তা বাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেন।

কিটলসন অপহৃত হওয়ার পর মধ্যপ্রাচ্যভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম আল-মনিটরের প্রতিবেদনে বলা হয়েছিল, তিনি যুক্তরাষ্ট্রের একজন ফ্রিল্যান্স সাংবাদিক, তবে থাকেন রোমে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধ নিয়ে প্রতিবেদন করেছেন তিনি। কিটলসন আল-মনিটরেও লেখালেখি করেন।