মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আইআরজিসির ভাইরাল অডিও নিয়ে ট্রাম্পকে ইরানের উপহাস: ‘গুগলে ইডিয়ট লিখে সার্চ দিন’

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি উপহাস করেছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ভাইরাল হওয়া সামুদ্রিক রেডিও বার্তার সূত্র ধরে এই কটাক্ষ করা হয়। ওই বার্তায় কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে সতর্ক করা হয়েছিল।

এক্সে দেওয়া পোস্টে দূতাবাস লিখেছে, ‘আরে নির্বোধ, সে আসলে তোমাদের ওই নির্বোধ প্রেসিডেন্ট ট্রাম্পকেই বুঝিয়েছে। গুগলে গিয়ে শুধু “ইডিয়ট” লিখে সার্চ দাও, তাহলেই বুঝতে পারবে কার কথা বলা হয়েছে।’

আইআরজিসির ভাইরাল বার্তায় যা বলা হয়েছে

মেরিটাইম চ্যানেল ১৬-তে প্রচারিত কথিত রেডিও বার্তায় বলা হয়, ইরানি বাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ যেন কৌশলগত এই জলপথ অতিক্রমের চেষ্টা না করে।

আইআরজিসি নৌবাহিনীর নামে প্রচারিত ওই বার্তায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক করা হয়।

‘চ্যানেল ১৬ থেকে ইরানি সেপাহ নৌবাহিনী বলছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ। এটি আমরা ইমাম খামেনির নির্দেশে খুলব, কোনো এক নির্বোধের টুইটের কারণে নয়।’

‘আপনারা যদি এই প্রণালি পার হতে চান, তবে ইরানি সেপাহ নৌবাহিনীর অনুমতি নিতে হবে। আমাদের শত্রুদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ যদি পার হওয়ার চেষ্টা করে, তবে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।’

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক্স পোস্টের স্ক্রিনশট।

‘ইডিয়ট’ বলা নিয়ে ট্রাম্প–ইরান পাল্টাপাল্টি মন্তব্য

এর আগে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেন, অডিও ক্লিপে ব্যবহৃত ‘ইডিয়ট’ শব্দটি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলা হয়েছে। তবে ইরানি দূতাবাস এই দাবি সরাসরি নাকচ করে দেয়।

দূতাবাস জানায়, ওই মন্তব্য কোনো ইরানি কর্মকর্তাকে নয়, বরং সরাসরি মার্কিন প্রেসিডেন্টকেই উদ্দেশ করে বলা হয়েছে।