
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের হামলার ঘটনায় ইসরায়েলে বসবাসকারী ১২ জন থাই নাগরিক নিহত হয়েছেন। আজ সোমবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য প্রকাশ করেছে। সংঘাতপূর্ণ এলাকা থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে থাই সরকার।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাঞ্চনা পাতারাচোকে বলেন, নিহত ব্যক্তিদের নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইসরায়েলের থাই দূতাবাস নিহত মানুষের সংখ্যা নিশ্চিত করেছে।
কাঞ্চনা বলেন, ‘গত শনিবার ইসরায়েলে হামাসের বড় আকারে হামলা শুরুর পর থেকে আরও ৮ জন থাই নাগরিক আহত হয়েছেন এবং ১১ জনকে বন্দী করা হয়েছে।’
ব্যাংককের শ্রম মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলে প্রায় ৩০ হাজার থাই শ্রমিক কাজ করেন। তাঁদের অনেকেই কাজ করেন কৃষি খাতে।
থাই শ্রমমন্ত্রী ফিফাত রাতচাকিতপ্রাকার্ন বলেন, ইসরায়েলি বাহিনী ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে।
থাই টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ফিফাত বলেন, ‘দেশে ফেরার জন্য ১ হাজার ৯৯ জন নাগরিক নিবন্ধন করেছেন। সংঘাতের এলাকায় আমাদের প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করছেন।’
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাঞ্চনা বলেন, নাগরিকদের দেশে ফেরাতে থাই বিমানবাহিনীর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। তবে ঠিক কখন তাঁদের সরানো হবে, কিংবা এর প্রক্রিয়া কী হবে, তা নিয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
হামাস শনিবার সকালে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েল-নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়লে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এর জবাবে ফিলিস্তিনের গাজায় পাল্টা হামলা চালানো শুরু করে ইসরায়েল। এ সংঘাতে দুই পক্ষের ১ হাজার ১০০–এর বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সামনে ‘দীর্ঘ মেয়াদে এবং কঠিন লড়াই’ হবে।