ওমরাহ পালনকালে পবিত্র কাবার কাছে মারা যাওয়া স্ত্রীকে নিয়ে স্বামীর আবেগঘন পোস্ট

মিসরীয় নারী হেবার মৃত্যুর পর তাঁর স্বামী আবদেল মোনেম আলখাতিব টুইটারে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন
ছবি: সংগৃহীত

মক্কা নগরী মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। প্রতিবছর পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র এ নগরীতে যান। এ বছর ওমরাহ পালনের সময় পবিত্র কাবার কাছে হেবা নামের মিসরীয় এক নারী মারা গেছেন।

হেবার মৃত্যুতে টুইটারে আবেগঘন পোস্ট করেছেন তাঁর স্বামী চিকিৎসক আবদেল মোনেম আলখাতিব। তাঁর পোস্টটি টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

স্ত্রীর মৃত্যুতে মিসরীয় এই চিকিৎসকের দুঃখ–ভারাক্রান্ত পোস্ট সবার হৃদয়ে নাড়া দিয়েছে। তিনি লিখেছেন, ‘আল্লাহ চাইলেই কিছু দিতে পারেন, আবার যা দিয়েছেন তা নিয়েও নিতে পারেন। ধৈর্য ও পুরস্কারের প্রত্যাশাভরা হৃদয়ে, অশ্রু চোখে স্ত্রীর জন্য শোক প্রকাশ করছি। আমার সন্তানের মা, আমার মনের মানুষ, আমার সঙ্গী, আমার হৃদয়ের ফুল, আমার হাসি, আমার পথ চলার সঙ্গী।’

আবদেল মোনেম আলখাতিব লিখেছেন, ‘সে হাসিমুখে আমার সঙ্গে দেখা করেছে। প্রার্থনার সঙ্গে আমাকে বিদায় জানিয়েছে। পবিত্র রমজান মাসে রোজা অবস্থায় ওমরাহ পালনকালে তাঁর আত্মা মসজিদুল হারাম থেকে আল্লাহর কাছে পৌঁছে গেছে। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর আমরা তাঁর কাছেই ফিরে যাব।’

আবদেল মোনেম আরও লিখেছেন, ‘হে আল্লাহ, আপনি তাঁকে ক্ষমা করুন, তাঁর ওপর আপনার রহমত নাজিল করুন। তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থানে পৌঁছে দিন। আমাদের ধৈর্য এবং বিচ্ছেদের বেদনা সহ্য করার ক্ষমতা দিন।’

এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে। তাঁরা করুণা ও ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।

একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার লিখেছেন, ‘পবিত্র মক্কায় সমাহিত হওয়ার ইচ্ছা ছিল তাঁর (হেবা)। আল্লাহ তাঁর সেই ইচ্ছা পূরণ করেছেন। তাঁর নসিবে এত সুন্দর মৃত্যু ছিল। তিনি খুবই সৌভাগ্যবান। কারণ, পবিত্র রমজানে ওমরাহ পালন করার সময় তিনি মারা গেছেন। আবার মসজিদুল হারামে হাজার হাজার মুসল্লি তাঁর জানাজায় অংশ নিয়েছেন। এরপর পবিত্র মক্কায় তাঁকে দাফন করা হয়েছে।’