
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত ছেলে রেজা পাহলভি চলতি সপ্তাহে ইসরায়েল সফর করবেন।
ইসরায়েলি সরকার গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। তারা রেজা পাহলভিকে ইসরায়েল সফর করতে যাওয়া ‘সবচেয়ে জ্যেষ্ঠ ইরানি ব্যক্তিত্ব’ বলে অভিহিত করেছে।
যুক্তরাষ্ট্র-সমর্থিত শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলে ইরান ও ইসরায়েলের মধ্যে উষ্ণ সম্পর্ক ছিল। পরে তারা শত্রুতে পরিণত হয়।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হন। তিনি ছিলেন ইরানের শেষ শাহ। তাঁর বড় ছেলে রেজা পাহলভি। তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন যাপন করছেন।
ইসরায়েলের বিবৃতিতে বলা হয়, রেজা পাহলভির এই সফরের উদ্দেশ্য ‘ইসরায়েল ও ইরানের জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং আয়াতুল্লাহ সরকারের বিরুদ্ধে যৌথ বিরোধিতা প্রকাশ করা।’
ইসরায়েলি বিবৃতিতে রেজা পাহলভির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘ইসরায়েল ও আমাদের আরব প্রতিবেশীদের সঙ্গে একটি গণতান্ত্রিক ইরান তার সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইবে। আমার মতে, সেই দিন আগের চেয়ে কাছাকাছি।’
রেজা পাহলভি তাঁর আসন্ন ইসরায়েল সফর নিয়ে একটি টুইট করেছেন। টুইটে বলেছেন, তিনি ইরানের জনগণের বন্ধুত্বের বার্তা দিতে ইসরায়েল সফরে যাচ্ছেন।