ইসরায়েলি সেনা অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে সেনা অভিযানে নিহত তিন ফিলিস্তিনির জানাজা শেষে একজনের লাশ নিয়ে শোক মিছিল করা হয়
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

গত ৭ এপ্রিল পশ্চিম তীরের জেরিকোর উত্তরে একটি গাড়িতে হামলা করে বন্দুকধারীরা। প্রথমে গাড়িটি অচল করে দেওয়া হয়, এরপর বন্দুকধারীরা খুব কাছে গিয়ে সেই গাড়িতে থাকা তিন নারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পরে তাঁদের মায়ের মৃত্যু হয়। তাঁরা যুক্তরাজ্য থেকে ইসরায়েলে এসে বসতি স্থাপন করেছিলেন।

এ ঘটনার সূত্র টেনে ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনী আজ এক বিবৃতিতে জানায়, আজকের ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা ৭ এপ্রিলের ঘটনায় জড়িত।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস জানায়, আজ বৃহস্পতিবার যে তিনজন মারা গেছেন, তাঁরা হামাসের সদস্য। তাঁরা হলেন হাসান কাতনানু, মোয়াজ আল-মাসারি ও ইব্রাহিম জাবের।

ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী সংগঠনটি এক বিবৃতিতে জেরিকোর কাছে হামলার দায় স্বীকার করেছে। পাশাপাশি আজ নিহত হওয়া তিনজন সম্পর্কে বলেছে, ‘নাবলুস শহরে প্রতিরোধ সংগঠনের তিন বীর হত্যার শিকার হয়েছেন।’

তিনজনের জানাজা অনুষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে নাবলুসের রাজনৈতিক দলগুলো আজকের জন্য সাধারণ ধর্মঘটের ঘোষণা দেয়।

নাবলুসের স্থানীয় বাসিন্দারা আল-জাজিরাকে বলেন, ওল্ড সিটিতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সদস্যের অভিযানের মধ্য দিয়ে দিনটি শুরু হয়। সেনারা একটি বাড়ি ঘিরে ফেলে। সেখানে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

ফিলিস্তিনি রেডক্রস জানায়, চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলশিক্ষার্থীসহ অন্তত ১৫০ মানুষ কাঁদানে গ্যাসের শেলের কারণে শ্বাসকষ্টে ভুগছেন।

নাবুলস থেকে আল-জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, শহরে ‘উত্তেজনা’ বিরাজ করছে। এ ঘটনার পাল্টা জবাব দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যারা ইসরায়েলিদের ক্ষতি করে, তাদের শেষ দেখে নেওয়া হয়। তিনি বলেন, ‘আপনি কোথায় লুকানোর চেষ্টা করছেন তা বিবেচ্য নয়, আমরা আপনাকে খুঁজে বের করব।’

এদিকে পৃথক আরেক ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ২৬ বছরের এক ফিলিস্তিনি তরুণী নিহত হয়েছেন। বলা হচ্ছে, নাবলুসের দক্ষিণে হুওয়ারাতে ছুরিকাঘাতের অভিযোগে ওই তরুণীকে গুলি করা হয়। তাঁর নাম ইমান ওদেহ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দখলদার সৈন্যদের ছোড়া গুলি ইমানের বুকে এসে লাগে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, একজন আততায়ী এক সেনাকে ছুরিকাঘাত করেছে। এতে তিনি সামান্য আহত হন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলাকারীকে ‘হত্যা’ করা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীরা অন্তত ১০৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের মধ্যে ২০ শিশু রয়েছে।