
হরমুজ প্রণালি সচল করতে এর আগে শুরু করা মার্কিন সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি আরব ও কুয়েত। ফলে আবারও দেশ দুটিতে থাকা ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র।
মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চেষ্টা চালাচ্ছেন, এই সিদ্ধান্তের ফলে তার একটি বড় বাধা দূর হলো।
যুক্তরাষ্ট্র ও সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো মার্কিন নৌ ও বিমানবাহিনীর সহায়তায় পাহারা দিয়ে নিয়ে যাওয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ আবার শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ৩৬ ঘণ্টা চলার পর এই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের পরিকল্পনাকারীরা এখন এটি আবার শুরুর সময়সীমা নির্ধারণ করছেন। কিছু মার্কিন কর্মকর্তার মতে, এ সপ্তাহেই অভিযানটি আবার শুরু হতে পারে।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে ট্রাম্প যে চেষ্টা চালাচ্ছেন, এ সিদ্ধান্তের ফলে তার একটি বড় বাধা দূর হলো।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে ওঠে। এর জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। পরে ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেন।
গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ চলাচলের ওপর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার ট্রাম্প ঘোষণা করেন, হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে তিনি স্পষ্ট করে দেন, ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ পূর্ণশক্তিতে বহাল থাকবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো মার্কিন নৌ ও বিমানবাহিনীর সহায়তায় পাহারা দিয়ে নিয়ে যাওয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ আবার শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা থেকে আকস্মিকভাবেই সরে আসেন প্রেসিডেন্ট ট্রাম্প। মূলত মধ্যপ্রাচ্যের প্রধান মিত্র সৌদি আরব তাদের বিমানঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় ট্রাম্পের এ পিছুটান।
মার্কিন কর্মকর্তাদের দাবি, রোববার ট্রাম্প কারও সঙ্গে আগাম আলোচনা না করেই হুট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রজেক্ট ফ্রিডম’-এর ঘোষণা দিলে সৌদি নেতৃত্ব ক্ষুব্ধ হয়।
পরে যুক্তরাষ্ট্রের অনুমতি প্রার্থনার জবাবে সৌদি আরব সাফ জানিয়ে দেয়, তারা রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান ওড়াতে দেবে না। এমনকি এ অভিযানে সহায়তা করার জন্য সৌদি আকাশসীমাও ব্যবহার করা যাবে না।
মার্কিন কর্মকর্তারা জানান, সংকট নিরসনে ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপ হলেও কোনো সমাধান আসেনি। শেষ পর্যন্ত আকাশসীমা ও ঘাঁটির সুবিধা ফিরে পেতে ট্রাম্প এ অভিযান স্থগিত করতে বাধ্য হন।
মার্কিন কর্মকর্তারা আরও জানান, সৌদি আরবের মতো ওই একই পদক্ষেপ নেওয়ার কথা জানায় কুয়েতও।