ফিলিস্তিনি ভূখণ্ডের সীমান্তে দাঁড়িয়ে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার ধ্বংস হয়ে যাওয়া ভবন দেখছেন। ৩ আগস্ট ২০২৬, গাজা
ফিলিস্তিনি ভূখণ্ডের সীমান্তে দাঁড়িয়ে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার ধ্বংস হয়ে যাওয়া ভবন দেখছেন। ৩ আগস্ট ২০২৬, গাজা

ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ, বর্তমান–সাবেক মিলিয়ে ৪০ জনের আত্মহত্যা

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীতে কর্মরত মোট ২৩ জন সদস্য আত্মহত্যা করেছেন। ২০১০ সালের পর সেনাবাহিনীতে এই সংখ্যা সর্বোচ্চ বলে গতকাল সোমবার জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎস।

গত এক বছরে সামরিক বাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পরপর আরও ১৭ জন সেনা আত্মহত্যা করেছেন। এর ফলে কর্মরত ও সাবেক মিলিয়ে আত্মহননকারী সেনার মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।

আত্মহত্যার এই ঘটনা শুধু ইসরায়েলের সামরিক বাহিনীতেই সীমাবদ্ধ নয়। হারেৎসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালে পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।

প্রতিবেদনে উদ্ধৃত ইসরায়েলি সামরিক বাহিনীর আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এ পর্যন্ত ৭৩ জন কর্মকর্তা ও সেনা আত্মহত্যা করেছেন।

তবে যুদ্ধের কারণে প্রকৃত আত্মহত্যার সংখ্যা আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, সামরিক বাহিনীর এই পরিসংখ্যানে কেবল বাহিনীতে কর্মরত অবস্থায় আত্মহত্যা করা সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

হাইফা বিশ্ববিদ্যালয়ের একজন মানসিক স্বাস্থ্যবিষয়ক শিক্ষাবিদ হারেৎসকে বলেন, এই যুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের মানসিক চাপ এবং চরম ক্লান্তির মাত্রার দিক থেকে এটি একটি নজিরবিহীন ঘটনা।

ওই শিক্ষাবিদ আরও বলেন, আত্মহত্যার হারের ক্ষেত্রে আগামী বছরগুলো অত্যন্ত সংকটপূর্ণ, এমনকি ভয়াবহও হতে পারে।

‘ইহুদি সন্ত্রাসবাদ’ নিয়ে সতর্ক করলেন ইসরায়েলি কর্মকর্তা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলাগুলো সুসংগঠিত। এর সঙ্গে হাজার হাজার মানুষ জড়িত বলে সতর্ক করেছেন ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। সোমবার ইসরায়েলের চ্যানেল ১২ নিউজ এ খবর জানিয়েছে।

‘হিলটপ ইয়ুথ’ নামে পরিচিত অবৈধ বসতি স্থাপনকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইঙ্গিত করে ওই কর্মকর্তা বলেন, এগুলো সুসংগঠিত সন্ত্রাসী সংগঠন। আরবদের বিতাড়িত করার একটি নির্দিষ্ট এজেন্ডা তাদের রয়েছে এবং তারা সেটি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।

কর্মকর্তা আরও যোগ করেন, এটি ইহুদি সন্ত্রাসবাদ। উদ্বেগের বিষয় হলো এর ব্যাপকতা। এখানে শত শত নয়, ইতিমধ্যে কয়েক হাজার মানুষ যুক্ত হয়েছে। এটি কোনো ক্ষুদ্র দল নয়; বরং এটি এমন এক বিশাল জনগোষ্ঠীতে পরিণত হয়েছে, যারা কোনো আইন মানে না।

ইসরায়েলি সেনাদের সঙ্গে এভাবে প্রায় অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সশস্ত্র অবস্থায় দেখা যায়। ৫ জুন ২০২৬, পশ্চিম তীর

ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, ওখানে যা কিছু ঘটছে, তার সবই ইসরায়েলের কেন্দ্রস্থলে ছড়িয়ে পড়বে। রাষ্ট্র যদি এই সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে, তবে ইসরায়েলের ভেতরেও ফিলিস্তিনিদের ওপর হামলা অনিবার্য হয়ে পড়বে।

এই জ্যেষ্ঠ কর্মকর্তার মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের ঠিক বিপরীত। নেতানিয়াহু বারবার ‘হিলটপ ইয়ুথ’-এর হামলাগুলোকে গুরুত্বহীন হিসেবে দেখিয়েছেন। হামলাকারীদের ‘মুষ্টিমেয় কিশোর অপরাধী’ বলে তিনি অভিহিত করেছেন।

গত শনিবার রামাল্লার কাছে বেশ কয়েকটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালায় সশস্ত্র বসতি স্থাপনকারীরা। এ সময় তারা যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং বাড়িঘরের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে দেয়।

চ্যানেল ১২ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এসব হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধে রাষ্ট্র যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

গাজায় মানবঢাল ব্যবহারের তদন্ত প্রতিবেদন সেন্সর করার আহ্বান

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে যে ব্যবহার করছে, তার ওপর তৈরি একটি অনুসন্ধানী প্রতিবেদন সেন্সর (প্রচার বন্ধ) করতে দেশের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান ১১’-এর প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের ডানপন্থী একটি বেসরকারি সংস্থা। গতকাল সোমবার চ্যানেল ১৪ নিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের সমালোচনাকারী সাংবাদিক ও শিক্ষাবিদদের ওপর নজরদারি করা সংগঠন ‘বিতসালমো’ সংবাদমাধ্যম কান ১১-এর প্রধান নির্বাহী গোলান ইয়োকপাজকে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে বুধবার প্রচারের জন্য নির্ধারিত এই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রচারিত এসব তথ্য ব্যবহার করে বিদেশি সংস্থাগুলো ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তদন্ত এবং গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জোরদার করতে পারে।

চ্যানেল১৪–এর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করা প্রচারণামূলক একটি ভিডিও ক্লিপে বলা হয়েছে, গাজায় গণহত্যার সময় ইসরায়েলি সেনারা কীভাবে ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছিল, প্রতিবেদনটিতে তা খতিয়ে দেখা হবে। সামরিক পরিভাষায় এই পদ্ধতি ‘মসকুইটো প্রোটোকল’ বা মশা প্রোটোকল নামে পরিচিত।

চ্যানেল ১৪ জানিয়েছে, সম্প্রচারিত এসব উপকরণ ব্যবহার করে বিদেশি সংস্থাগুলো ইসরায়েলি সেনা ও কমান্ডারদের বিরুদ্ধে তদন্ত এবং গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জোরদার করতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, বিতসালমো ইয়োকপাজকে প্রতিবেদনটি পর্যালোচনার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর কাছে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

গত রোববার ইসরায়েলি সাংবাদিক হ্যানোচ ডাউম ফেসবুকে এক পোস্টে এই অনুসন্ধানী প্রতিবেদনটির তীব্র সমালোচনা করেন। তিনি সেনাবাহিনীর তথাকথিত ‘মসকুইটো প্রোটোকল’ ব্যবহারের পক্ষে সাফাই গান।

ডাউম লেখেন, ‘আমি যোদ্ধাদের যে দলটির সঙ্গে দেখা করেছি, তাদের জীবন ও গাজাবাসীর জীবনের মধ্যে কাকে বেছে নেব, তা আমি ভালো করেই জানি।’ পোস্টটি প্রকাশের পরপরই একজন ইসরায়েলি সেনার কাছ থেকে পাওয়া একটি বার্তাও তিনি এতে যুক্ত করেন।

কথিত ওই সেনা লিখেছেন, ‘আমার তিন-চারটি ঘটনার কথা মনে আছে, যেখানে একটি “মশা” (মানবঢাল হিসেবে ব্যবহৃত ফিলিস্তিনি) আমাদের জীবন বাঁচিয়েছিল। এমনকি আমাদের সামনেই বোমা বিস্ফোরিত হয়েছিল।’

গাজায় অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর সামনে হাঁটতে বাধ্য করা ফিলিস্তিনিদের বোঝাতে ওই সেনা এই শব্দ ব্যবহার করেন। মূলত হামাসের গুলি থেকে নিজেদের বাঁচাতে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে তাঁদের সামনে হাঁটতে বাধ্য করেন।

ওই বার্তায় দাবি করা হয়েছে, ফিলিস্তিনিদের জীবনের চেয়ে ইসরায়েলিদের জীবনকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত।