ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসাবশেষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক উদ্ধারকর্মী। ২৪ মার্চ ২০২৬
ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসাবশেষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক উদ্ধারকর্মী। ২৪ মার্চ ২০২৬

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পের মন্তব্য নিয়ে উপহাস

ইরানে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এ যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে ‘খুবই ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর এক দিন পরই আজ মঙ্গলবার ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে বদ্ধপরিকর বলে মনে হচ্ছে। তবে নতুন কোনো দফার আলোচনায় ইরান যে মার্কিন দাবি মেনে নেবে, এর সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে মনে করেন তাঁরা।

গতকাল সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের সঙ্গে আলোচনার বিষয়টি জানান ট্রাম্প। পরে সাংবাদিকদেরও একই কথা বলেন তিনি। তবে তাঁর মন্তব্যের পর ইরান জানিয়েছে, এখনো কোনো আলোচনা হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করেছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরান দূতাবাস। এতে দেখা যায়, গাড়ির স্টিয়ারিংয়ের পাশের ড্যাশবোর্ডে যাত্রীর আসনের সামনে শিশুদের গোলাপি রঙের খেলনা স্টিয়ারিং হুইল রাখা। সাংবাদিকদের কাছে ট্রাম্প ধারণা দিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতার পাশাপাশি তিনিও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে পারেন। ছবিটির মাধ্যমে মূলত ট্রাম্পের এই ধারণাকেই উপহাস করা হয়েছে।

ইসরায়েলের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ট্রাম্পের এই উদ্যোগের বিষয়ে আলোচনা করতে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার বিষয়ে পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহেই ইসলামাবাদে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

ইরানে বাড়ছে আইআরজিসির প্রভাব

ইরানে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রভাবই ক্রমে বাড়ছে। এর একটি বড় ইঙ্গিত হলো দেশটির শীর্ষ নিরাপত্তা সংস্থার প্রধান হিসেবে এই এলিট ফোর্সের একজন সাবেক কমান্ডারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির কাছে দায়বদ্ধ।

গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত আলী লারিজানির স্থলাভিষিক্ত হয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ বাকের জোলকাদর। তবে লারিজানির মতো তিনি ক্ষমতার নেপথ্য কারিগর হিসেবে ভূমিকা পালন করবেন, এমনটা মনে করা হচ্ছে না।

গাড়ির স্টিয়ারিংয়ের পাশের ড্যাশবোর্ডে যাত্রীর আসনের সামনে শিশুদের গোলাপি রঙের খেলনা স্টিয়ারিং হুইল রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহাস

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের লক্ষ্যে আলোচনায় যথেষ্ট অগ্রগতি না হওয়ার অভিযোগ তুলে গত ২৮ ফেব্রুয়ারি দেশটির ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছিল, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল।

হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করছে ইরান। উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে আঘাত হানার পাশাপাশি হরমুজ প্রণালিও কার্যত বন্ধ করে দিয়েছে দেশটি। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক–পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়।