
খেলার নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ফলাফল ছিল গোলশূন্য। পেনাল্টি শুটআউটের রুদ্ধশ্বাস মুহূর্ত। শট নেওয়ার পালা এবার আশরাফ হাকিমির। প্রথমবারের মতো মরক্কোকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তোলার সুযোগ স্পেনে জন্ম নেওয়া এই আটলাস সিংহের সামনে। সেটা আবার জন্মভূমি স্পেনকে হারিয়ে।
কাতারের এডুকেশন স্টেডিয়ামে মাথা ঠান্ডা রেখে কাজটি সেরেছেন হাকিমি। হাঁফ ছেড়ে বাঁচা মরক্কোর সমর্থকেরা মুহূর্তে গর্জন তোলেন স্টেডিয়ামজুড়ে।
মরক্কোর কাসাব্লাঙ্কার বাসিন্দা ৩৯ বছর বয়সী সাফা। এই ফুটবলপ্রেমী বলেন, মরক্কো এত দূর যাবে, তা ‘আশা করেননি’ তিনি।
আল-জাজিরাকে সাফা বলেন, ‘আমরা খুবই উচ্ছ্বসিত...পরের ম্যাচ আমরা ১-০ গোলে জিতব, ইনশা আল্লাহ।’ কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে মরক্কো।
১ ডিসেম্বর কানাডার বিপক্ষে মরক্কোর খেলায়ও স্টেডিয়ামে ছিলেন সাফা। তিনি বলেন, স্টেডিয়াম থেকে সমর্থকদের দেওয়া উৎসাহ সম্ভবত খেলোয়াড়দের ওপর ‘ইতিবাচক প্রভাব’ ফেলেছে।
গতকাল মঙ্গলবার ঐতিহাসিক ম্যাচটি শুরু হতেই উল্লাসধ্বনি, গান আর ঢোলের শব্দ স্টেডিয়ামের সবকিছু ছাড়িয়ে যায়। মরক্কোর কোয়ার্টার ফাইনালে ওঠা ছিল অসাধারণ এক কীর্তি। সমর্থকদের উল্লাসধ্বনিতে তাই কান ঝালাপালা অবস্থা সবার।
মরক্কো তাদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। এর আগে ১৯৮৬ সালের বিশ্বকাপে সর্বোচ্চ দ্বিতীয় রাউন্ডে খেলেছিল আটলাসের সিংহরা। এ ছাড়া মরক্কো চতুর্থ আফ্রিকান দেশ ও প্রথম আরব দেশ হিসেবে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করেছে।
কাতার বিশ্বকাপে ভালো খেলেছে আরও দুই আরব দেশ—সৌদি আরব ও তিউনিসিয়া। আর্জেন্টিনাকে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম অঘটন ঘটায় সৌদি আরব। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে আরেক ‘অঘটনের’ জন্ম দেয় তিউনিসিয়া। তবে দুই দলই শেষ পর্যন্ত প্রথম রাউন্ড থেকে বিদায় নিলে কাতার বিশ্বকাপে আরব ফুটবলপ্রেমীদের একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে রয়েছে মরক্কো।