ত্রিতা পার্সি
ত্রিতা পার্সি

ট্রাম্পের সামনে ভালো কোনো বিকল্প ছিল না: বিশ্লেষকের চোখে যুদ্ধবিরতি

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে আসা ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ‘ভালো কোনো বিকল্প’ ছিল না। এমনটাই মনে করছেন ওয়াশিংটনভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউটের ইরান বিষয়ক নীতি বিশেষজ্ঞ ত্রিতা পার্সি।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ত্রিতা পার্সি বলেন, পরিস্থিতি অনেকটা এমন ছিল যে ট্রাম্প এই চুক্তি করতে বাধ্য হয়েছেন।

ত্রিতা পার্সির মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে একটি পুরোদস্তুর যুদ্ধ শুরু হলে তা ট্রাম্পের প্রেসিডেন্সিকে ‘ধ্বংস’ করে দিত। তিনি বলেন, ‘ট্রাম্প বড় বড় হুমকির কথা বললেও অঞ্চলের সবাই জানতেন যে—যদি ইরানের জ্বালানি সম্পদ ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হয়, তবে ইরানও জিসিসি (উপসাগরীয় সহযোগিতা পরিষদ) দেশগুলোর ওপর পাল্টা আঘাত হানবে। এতে বিশ্ব এক ভয়াবহ জ্বালানি সংকটে পড়ত, যা বর্তমান পরিস্থিতির চেয়েও কয়েক গুণ খারাপ হতো।’

‘তাঁকে (ট্রাম্প) এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হতো। তিনি আজ দিনের শুরুর দিকে হুমকিগুলো দিয়েছিলেন যাতে এমন একটি আবহ তৈরি করা যায় যে, আজ সন্ধ্যায় তিনি যে চুক্তিতে পৌঁছেছেন তা তার নিজের শর্তেই হয়েছে।’ পার্সি উল্লেখ করেন।

পার্সি বলেন, ‘কিন্তু আপনি যখন বিষয়টির গভীরে তাকাবেন, তখন দেখা যাবে যে আসলে তেমনটি হয়নি। এমনকি তাঁর (ট্রাম্প) নিজের বিবৃতিতে বলা হয়েছে যে, এই আলোচনা হবে ইরানিদের দেওয়া ১০ দফা পরিকল্পনার ওপর ভিত্তি করে—যা (ট্রাম্পের হুমকির চেয়ে) অনেক বেশি যুক্তিসঙ্গত একটি পরিকল্পনা।’