
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফোনে ঘণ্টাব্যাপী কথা বলেছেন। এ সময় যুদ্ধ বন্ধে ও আলোচনার পথ সুগম করতে ‘আস্থা তৈরি’র ওপর জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।
আজ শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার পরিপ্রেক্ষিতে শাহবাজ শরিফের ‘আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টা’র প্রশংসা করেছেন পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আলোচনা ও মধ্যস্থতা সহজতর করার জন্য পারস্পরিক আস্থা তৈরি করা জরুরি।’ শান্তি রক্ষায় পাকিস্তানের সহযোগিতামূলক ভূমিকার জন্য তিনি শাহবাজ শরিফকে ধন্যবাদ জানান।
জবাবে শাহবাজ শরিফও ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ দেন। তিনি আশ্বস্ত করেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান তার গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।
এর আগে ফোনালাপে শাহবাজ শরিফ ইরানের বেসামরিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং ১ হাজার ৯০০-এর বেশি বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন।
এদিকে ইরান যুদ্ধ বন্ধে জোর কূটনৈতিক তৎপরতার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল রোববার শুরু হচ্ছে উচ্চপর্যায়ের এক কূটনৈতিক সম্মেলন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে দুই দিনের সফরে ইসলামাবাদে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা।
বিবৃতিতে বলা হয়, ২৯ ও ৩০ মার্চ সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের হাকান ফিদান ও মিসরের বদর আবদেলাত্তি ইসলামাবাদে অবস্থান করবেন। চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মূলত আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং নিজেদের মধ্যে বহুমুখী সহযোগিতা জোরদার করার বিষয়ে নিবিড় আলোচনায় অংশ নেবেন।