আরব লিগের সম্মেলন শুরু, যোগ দিয়েছেন বাশার আল–আসাদ

বাশার আল-আসাদ
ফাইল ছবি

সৌদি আরবের জেদ্দায় ৩২তম আরব লিগ সম্মেলন শুরু হয়েছে গতকাল শুক্রবার। আরব দেশগুলোর জোটের এবারের সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হচ্ছে।

এ ছাড়া আরব স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করা হবে। এবারের সম্মেলনে আরও গুরুত্ব পাচ্ছে ফিলিস্তিন ও সিরিয়ার সংকট নিরসনের বিষয়টি।

আরব লিগের সম্মেলনে অংশ নিতে গত বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় পৌঁছান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ। সিরিয়ায় যুদ্ধ শুরুর পর এটাই তাঁর প্রথম সৌদি আরব সফর। ১১ বছর আগে এই আঞ্চলিক জোট থেকে সিরিয়াকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি আরব লিগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপরই আরব লিগের সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে গেলেন তিনি। এ ছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও সম্মেলনে যোগ দিয়েছেন।

২০১১ সালে বিরোধী বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন-পীড়ন ও পরবর্তী ধ্বংসাত্মক যুদ্ধের জন্য প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে দায়ী করা হয়েছিল। এ জন্য সিরিয়ার সঙ্গে সম্পর্কে লাগাম টানে আরব দেশগুলো। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বাশার আল–আসাদের সৌদি আরব সফর সম্পর্ক পুনরুদ্ধারের জন্য বেশির ভাগ আরব দেশের প্রচেষ্টার সর্বশেষ উদাহরণ।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াদ।