দরিদ্র মানুষদের প্রত্যেককে আর্থিক পাঁচ হাজার ইয়েমেনি রিয়াল (৮ ডলার) করে সহায়তা দেওয়া হচ্ছিল।

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে দরিদ্রদের আর্থিক সহায়তা বিতরণের অনুষ্ঠানে পদদলিত হয়ে ৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। হুতি কর্মকর্তারা বলেছেন, আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। দেশটি গৃহযুদ্ধ পরিস্থিতি থেকে বের হয়ে আসবে এমন প্রত্যাশার মুখেই এমন ঘটনা ঘটল।
ইয়েমেনের রাজধানী সানার একটি স্কুলে কয়েকজন ব্যবসায়ীর পক্ষ থেকে এ আর্থিক অনুদান বিতরণ করা হচ্ছিল। সেখানে আসা দরিদ্র মানুষদের প্রত্যেককে পাঁচ হাজার ইয়েমেনি রিয়াল (৮ ডলার) সহায়তা দেওয়া হচ্ছিল। দারিদ্র্যকবলিত শত শত মানুষ সহায়তা পেতে স্কুল প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন। সেখানেই এ ঘটনা ঘটে।
হুতিদের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, রাজধানীর বাব আল ইয়েমেন এলাকায় পদদলিত হয়ে ৮৫ জন নিহত ও ৩২২ জনের বেশি আহত হয়েছেন। ওই কর্মকর্তা এএফপিকে আরও বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে নারী-শিশুরাও আছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় ওই কর্মকর্তা তাঁর নাম প্রকাশে অনিচ্ছা জানিয়েছেন। একজন স্বাস্থ্য কর্মকর্তাও এএফপিকে নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।
হুতির সুপ্রিম রেভল্যুশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলি আল হুথি বলেছেন, ‘অতিরিক্ত ভিড়ের কারণে’ এ ঘটনা ঘটেছে। তাঁর ভাষ্য, স্কুলের পেছন দিকের সরু প্রবেশপথে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। গেট খোলার সঙ্গে সঙ্গে মানুষ হুড়মুড় করে একটি আঁটসাঁট সিঁড়িতে উঠে পড়লে এ ঘটনা ঘটে।
অবশ্য প্রত্যক্ষদর্শীরা বলছেন, গুলির শব্দ শুনে লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেছিলেন। হুতি বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত টিভি চ্যানেল আল মাসিরাতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একসঙ্গে অনেকগুলো মরদেহ পড়ে আছে। সেগুলোর ওপর দিয়েই লোকজন সামনে দৌড়াচ্ছেন। সশস্ত্র যোদ্ধা ও বিতরণকর্মীরা ভিড়ের উদ্দেশে চিৎকার করছিলেন।
এক বিবৃতিতে হুতির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হতাহতদের আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। হুতির রাজনৈতিক প্রধান মাহদি আল মাশাত বলেছেন, এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
যে স্কুল প্রাঙ্গণে ঘটনাটি ঘটেছে, সেখানে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। ইয়েমেনে আট বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের কারণে দেশটির মানুষ দুরবস্থার মধ্যে আছে। একে বিশ্বের সবচেয়ে মানবিক সংকট বলে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থার হিসাব অনুযায়ী, দুই-তৃতীয়াংশের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। হুতি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিযুক্ত সরকারি কর্মীরা কয়েক বছর ধরে বেতন পাননি। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছর ২ কোটি ১৭ লাখ মানুষের জন্য মানবিক সহায়তা প্রয়োজন।
২০১৪ সালে হুতি বিদ্রোহীরা সানার নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে সৌদি জোট হুতিদের হটিয়ে সেখানে সৌদি সমর্থিত সরকার বসানোর চেষ্টা করলে যুদ্ধ শুরু হয়। সম্প্রতি ইরানের সঙ্গে সৌদির চুক্তির পর হুতিদের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে।