পাকিস্তানে দই কিনতে মাঝপথে ট্রেন থামালেন চালক

পাকিস্তানে দই কিনতে মাঝপথে ট্রেন থামিয়েছেন এক চালক
 এএফপির প্রতীকী ছবি

পাকিস্তানের লাহোর থেকে করাচি যাচ্ছিল আন্তনগর ট্রেন। হঠাৎ থামানো হলো মাঝপথে। তবে জরুরি কোনো কারণে না, দই কিনতে। গত সোমবার লাহোরের কাহনা স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। খবর এএফপির

সোমবারের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ট্রেন থামানোর পর চালকের সহকারী নেমে রাস্তার পাশের একটি দোকান থেকে দই কেনেন। এরপর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে পাড়ি দেয়।

দই কিনতে ট্রেন থামানোর ঘটনার পর পাকিস্তানে চলছে আলোচনা-সমালোচনা। তোলা হয়েছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এ ঘটনার জেরে ওই ট্রেনের চালক ও চালকের সহকারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে আজ বুধবার পাকিস্তানের রেল মন্ত্রণালয়ের মুখপাত্র ইজাজ-উল-হাসান শাহ এএফপিকে বলেন, ‘আপনি যখন মাঝপথে ট্রেন থামাবেন, তখন তা নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়ায়। নিরাপত্তার সঙ্গে আপস করতে হয় এমন কিছু সহ্য করা হবে না।’

চটেছেন রেলমন্ত্রী আজম খানও। এক বিবৃতিতে জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত কাজে কাউকে জাতীয় সম্পত্তি ব্যবহার করতে দেওয়া হবে না।

তবে কর্তৃপক্ষ যা–ই বলুক না কেন, পাকিস্তানে এমন ঘটনা সচরাচরই ঘটে থাকে বলে জানিয়েছেন রেলওয়ের এক কর্মকর্তা। তাঁর ভাষ্য, এ বিষয়ে যথেষ্ট নজরদারিও করা হয় না।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, চলতি মাসের শুরুর দিকেই নানা বিধিনিষেধ সামনে আনে পাকিস্তান রেলওয়ে। সেখানে ট্রেন চালানোর সময় চালক ও চালকের সহকারীদের মুঠোফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাশাপাশি তাঁদের ওপর নজর রাখতে বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়।