জামিন পেলেন ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি

ইমরান খান ও বুশরা বিবি
ছবি: টুইটার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিন পেয়েছেন। দেশটির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) আজ মঙ্গলবার আট মামলায় আগামী ৮ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছেন। স্ত্রী বুশরা বিবি জবাবদিহি ব্যুরো থেকে আরেকটি মামলায় জামিন পেয়েছেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। স্ত্রী বুশরা বিবিকে নিয়ে ইমরান ইসলামাবাদে বিচারিক আদালত প্রাঙ্গণে যান।

জাতীয় জবাবদিহি ব্যুরোয় (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো–এনএবি) আল–কাদির ট্রাস্ট মামলায় বুশরার জামিন আবেদন করেন তাঁরা। এই মামলায় বুশরার জামিনের মেয়াদ আজ শেষ হওয়ার কথা। আদালত বুশরার আগাম জামিন মঞ্জুর করেন। বিচারক মোহাম্মদ বশির বুশরা বিবিকে ৩১ মে পর্যন্ত জামিন দেন।

পরে ইমরান ও বুশরা সন্ত্রাসবিরোধী আদালতে যান। আদালতে ইমরানের আইনজীবী তাঁর জামিন আবেদন করেন। আদালত ইমরানের জামিন মঞ্জুর করেন।

ইমরান ও বুশরা যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়।
ইমরান খানকে ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় আধা সামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করেছিল।

এই গ্রেপ্তারকে কেন্দ্র করে পাকিস্তানজুড়ে সহিংসতার ঘটনা ঘটে। ইমরান খানকে গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল তাঁর দল পিটিআই। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ মে পাকিস্তানের সুপ্রিম কোর্টে শুনানি হয়।

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেপ্তার ‘বেআইনি’ ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। ১২ মে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দেন।