
রাষ্ট্রীয় উপহার কেনাবেচা (তোশাখানা) দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর আজ শনিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে সাজা দেওয়া হয়েছে, তা অনেক প্রশ্নের জন্ম দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হামিদ মির বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা মামলার একেবারে শুরু থেকেই বিচারিক আদালত এবং নেতৃত্বদানকারী বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার মামলাটি যেভাবে পরিচালনা করেছেন, তা অনেক প্রশ্নের জন্ম দেবে।
তোশাখানা মামলায় দুর্নীতি চর্চার দায়ে আজ সাবেক প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন। তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি তাঁকে এক লাখ রুপি অর্থদণ্ড করা হয়। তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান।
ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশ সফরে পাওয়া রাষ্ট্রীয় উপহার কেনাবেচায় ক্ষমতার অপব্যবহারের দায়ে অভিযুক্ত হন। এসব উপহারের মূল্য ১৪ কোটি পাকিস্তানি রুপি।
এ রায়ের বিষয়ে হামিদ মির বলেন, ‘আজকের (শনিবার) এ রায় অপ্রত্যাশিত ছিল না। প্রত্যেক পাকিস্তানি জানত, রায় এটাই হতে পারে।’
এই রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, মামলাটি এই আদালত থেকে অন্য আদালতে স্থানান্তরে সর্বাত্মক চেষ্টা চালিয়েছিলেন ইমরানের আইনজীবীরা। তবে মনে হচ্ছে, বিচারক রায় আগেই লিখে রেখেছিলেন, সকালে কেবল পড়ে শুনিয়েছেন।
হামিদ মির বলেন, দৃশ্যত ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগের বড় ভিত্তি ছিল। কিন্তু যেভাবে আদালত মামলাটি পরিচালনা করেছেন এবং নেতৃত্বদানকারী বিচারকের আচরণ পুরোপুরি প্রশ্নবিদ্ধ।
প্রখ্যাত এই সাংবাদিক বলেন, উচ্চ আদালতে এই রায়ে চ্যালেঞ্জ করা হবে এবং সম্ভবত ইমরান খান রেহাই পাবেন। তবে তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ যে দেশের আরেকজন প্রধানমন্ত্রী দণ্ডিত হলেন।
এই রায়কে ‘বড় সিদ্ধান্ত’ বলছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনসার আব্বাসি। তিনি বলেন, ‘তোশাখানা মামলাটি মেগা দুর্নীতির ছিল কি না, সেটা বিষয় নয়। আপনি যখন সুপ্রিম কোর্টে নওয়াজ শরিফকে (সাবেক প্রধানমন্ত্রী) অযোগ্য ঘোষণার দিকে তাকান, সে হিসেবে এটি (তোশাখানা মামলা) একটি শক্তিশালী মামলা ছিল।’
আনসার আব্বাসি বলেন, এ ক্ষেত্রে ইমরানের জন্য সুবিধার বিষয় হলো, মামলাটির শুনানি সুপ্রিম কোর্টে হয়নি। ফলে তিনি আপিল করার সুযোগ পাচ্ছেন।
এই রায়কে ‘দুর্ভাগ্যজনক’ বলছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শাহজিব খানজাদা। তিনি বলেন, এটি দুর্ভাগ্যজনক যে আরেকজন প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণা করা হলো।
ইমরান খানের দল পিটিআই এই রায় প্রত্যাখ্যান করেছে। গ্রেপ্তার হওয়ার আগে দেওয়া ভিডিও বার্তায় সমর্থকদের দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।