
গণপরিবহনে বিনা মূল্যে চলাচল করতে পারবেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে মানুষেরা। ইরান যুদ্ধের কারণে জ্বালানির অতিরিক্ত মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে মানুষকে আর্থিক স্বস্তি দিতে সাময়িকভাবে গতকাল শুক্রবার এই নিয়ম ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঘোষণা দেন, পরবর্তী ৩০ দিনের জন্য কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে সব ধরনের গণপরিবহন বিনা মূল্যে ব্যবহার করা যাবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলমান জ্বালানিসংকটের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের জনবহুল পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ দেশটির প্রধানমন্ত্রীর ‘জাতীয় মিতব্যয়িতা ও সঞ্চয় কর্মসূচির’ আওতায় বড়সড় সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।
এ প্যাকেজের অংশ হিসেবে পাঞ্জাব প্রদেশে অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রোবাস, স্পিডো বাস, গ্রিন ইলেকট্রিক বাসসহ সব গণপরিবহনে ব্যবহারকারীরা টিকিট ছাড়াই চলাচল করতে পারবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গতকাল মরিয়ম নওয়াজ বলেন, ‘আমি সবাইকে এই সুবিধাগুলোর পূর্ণ ব্যবহার করতে এবং ভ্রমণের ক্ষেত্রে আরও সুবিধাজনক, সাশ্রয়ী ও টেকসই উপায় হিসেবে গণপরিবহন বেছে নিতে উৎসাহিত করছি।’
জ্বালানি সাশ্রয়ের জন্য গত সপ্তাহের শুরুতে গণপরিবহনের ভাড়া মওকুফের ঘোষণা দেয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া আর তাসমানিয়া রাজ্যের প্রশাসন।