
রাত পেরোলেই পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। তবে চলমান আর্থিক সংকটের কারণে হাটগুলোয় আশা অনুযায়ী ক্রেতার দেখা মিলছে না। সবচেয়ে হতাশ হতে হচ্ছে উট বিক্রেতাদের।
রাজধানী ইসলামাবাদের কাছে একটি পশুর হাটে ১৮টি উট নিয়ে এসেছিলেন জাকারিয়া নামের এক বিক্রেতা। গত বছরের ঈদে উট বিক্রি করে ভালো লাভ করেছিলেন তিনি। তবে এবার মাত্র একটি উট বিক্রি করতে পেরেছেন। জাকারিয়া বলেন, ‘মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। ক্রেতারা হাটে আসছেন না। আর যাঁরা আসছেন, তাঁদের অনেকে পশুর আকাশছোঁয়া দাম দেখে ফিরে যাচ্ছেন।’
এ সময় জাকারিয়ার উটের দিকে দুই নাতিকে নিয়ে এগিয়ে আসেন জেরাক আলী নামের এক ব্যক্তি। দাম জানতে চাইলে জাকারিয়া বলেন, ‘আপনার জন্য এটি ৭ লাখ রুপি।’ শুনে সামনের কম দামি গরুগুলোর দিকে এগিয়ে যান ওই ব্যক্তি। আলী আকবার নামের আরেক ক্রেতা বললেন, ‘আমাদের আয় আগের মতোই রয়েছে। তবে জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। কোথা থেকে এত অর্থ পাব?’
ইসলামাবাদের ওই হাটে ২৫০টির বেশি উট এনেছেন বিক্রেতারা। এ ছাড়া রয়েছে কয়েক হাজার গরু, ছাগল ও ভেড়া। উটের তুলনায় এই পশুগুলোর দাম কম। হাটটিতে সর্বোচ্চ ৫ লাখ রুপির গরু উঠেছে। আর আকারভেদে ছাগলের দাম ৫০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার রুপি।
পাকিস্তানে উট কোরবানি দিতে সচরাচর দেখা যায় না। শুধু ধনীরাই এটি কিনে থাকেন। তবে এবার বিক্রিতে ধস নামায় মুনাফা নিয়ে বড় শঙ্কায় রয়েছেন জাকারিয়া। জানালেন, হাটের খাজনা, পশু পরিবহনের জন্য ট্রাকভাড়া ও অন্যান্য খরচের পর এবার তাঁর কয়েক লাখ রুপি ক্ষতি হবে।
পাকিস্তানের মারদান জেলার একটি হাটেও দেখা গেছে একই চিত্র। সেখানে ১০টি উট নিয়ে এসেছেন বখত জামান নামের এক বিক্রেতা। তবে এখন পর্যন্ত ৫ লাখ রুপিতে মাত্র একটি বিক্রি করতে পেরেছেন তিনি। বখত জামান বলেন, ‘পাকিস্তানি রুপির মান কমে গেছে। এত দামি পশু কে কিনবে?’
পাকিস্তানে দীর্ঘদিন ধরে চলছে অর্থনৈতিক সংকট। দেশটিতে তলানিতে ঠেকেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এতে যেমন বিদেশি ঋণ পরিশোধে সমস্যার মুখে পড়েছে দেশটি, তেমনই আমদানিতেও আসছে বাধা। এদিকে অর্থনৈতিক সংকটে পাকিস্তানি মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমেছে। ফলে দেখা দিয়েছে ভয়াবহ মূল্যস্ফীতি। খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে দেশটির বাসিন্দাদের। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে জরুরি ঋণসহায়তা (বেলআউট) নেওয়ার চেষ্টায় রয়েছে পাকিস্তান সরকার।