এই ‘লাডলাকে’ সুবিধা দিলে গারদের পেছনের সবাইকে মুক্তি দিতে হবে: শেহবাজ

শেহবাজ শরিফ
ফাইল ছবি

ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের আদেশের বিষয়টি আর কিছুই নয়, এটি জাতীয় পুনরেকত্রীকরণ অধ্যাদেশ (এনআরও) বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

আজ শুক্রবার ইমরান খানের জামিন হওয়ার আগে শেহবাজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বলেন, ‘আপনারা (আদালত) যদি এই লাডলাকে (আদরের দুলাল) সুবিধা দিয়ে যান, তাহলে আপনাদের গারদের পেছনে থাকা দেশের সব ডাকাতকেও মুক্তি দিতে হবে।’

জাতীয় পুনরেকত্রীকরণ অধ্যাদেশ ১২ বছর আগে ২০০৭ সালের ৫ অক্টোবর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ করেছিলেন। এর মাধ্যমে ১৯৮৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৯৯ সালের ১২ অক্টোবর পর্যন্ত দুর্নীতি, মানি লন্ডারিং, হত্যা ও সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী ও আমলাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। ২০০৯ সালের ১৬ ডিসেম্বর অধ্যাদেশটিকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করা হয়।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল এক আদেশে ইমরান খানের গ্রেপ্তারকে ‘অবৈধ ও বেআইনি’ ঘোষণা করেন। সর্বোচ্চ আদালতের এই আদেশকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, এরপর যা হবে তার পরিণতি সবাইকে বহন করতে হবে।

শেহবাজ শরিফ আরও বলেন, পিটিআইয়ের বিক্ষোভকারীরা এমনভাবে দেশের শহীদদের অসম্মান করেছেন, যা ‘আমাদের শত্রুরাও’ করেননি। তিনি বলেন, ‘সেনা স্থাপনায় হামলা...দেশে এর চেয়ে বড় সন্ত্রাস আর হতে পারে না। এসব দেখে, একটি দেশ, আমি তার নাম নিতে চাই না, তারা উদযাপন করছে, ৭৫ বছরে যা হয়নি, তা এখন পাকিস্তানে ঘটছে।’