প্রখ্যাত পাকিস্তানি লেখক–সাংবাদিক তারেক ফাতাহ্‌র জীবনাবসান

তারেক ফাতাহ্‌ (১৯৪৯-২০২৩)
ছবি: টুইটার থেকে নেওয়া

পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় সাংবাদিক, লেখক ও সমাজকর্মী তারেক ফাতাহ্‌ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি গুরুতর অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়তে হয়েছে তাঁকে। ফাতাহ্‌র মেয়ে ও সাংবাদিক নাতাশা ফাতাহ্‌ গতকাল সোমবার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

টুইটারে ফাতাহ্‌র মৃত্যুসংবাদ জানিয়ে নাতাশা লেখেন, ‘পাঞ্জাবের সিংহ, হিন্দুস্তানের সন্তান, কানাডার প্রেমিক, সত্যবাদী, ন্যায়ের জন্য লড়ে যাওয়া, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর ছিলেন (তারেক ফাতাহ্‌)। যাঁরা তাকে চিনতেন এবং ভালোবাসতেন তাঁদের সঙ্গে তাঁর এ লড়াই জারি থাকবে।’

টরন্টো সানের প্রতিবেদন অনুযায়ী, তারেক ফাতাহ্‌র জন্ম পাকিস্তানের করাচিতে ১৯৪৯ সালের ২০ নভেম্বর। ১৯৮৭ সালে কানাডায় পাড়ি জমান তিনি। একজন পুরস্কারজয়ী সাংবাদিক, কলাম লেখক এবং রেডিও ও টিভি উপস্থাপক হিসেবে পরিচিত ছিলেন তিনি। সামাজিক মাধ্যমগুলোয় বহু মানুষ অনুসরণ করতেন তাঁকে।

ফাতাহ্‌ ছিলেন একজন রাজনীতিক ও মানবাধিকারকর্মী। মানবাধিকারের পক্ষে সব সময় সোচ্চার ছিলেন তিনি। ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে শক্ত অবস্থান ছিল তাঁর। পাকিস্তানের রাষ্ট্রকাঠামোর কট্টর সমালোচক ছিলেন ফাতাহ্‌। স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করা বালুচ বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে কথা বলতেন তিনি।

ধর্মনিরপেক্ষ একজন মুসলিম হিসেবে পরিচিত ছিল তারেক ফাতাহ্‌র। ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে একাধিক বইও লিখেছেন তিনি। এর মধ্যে ‘দ্য জিউ ইজ নট মাই এনিমি: আনভেইলিং দ্য মিথস দ্যাট ফুয়েল মুসলিম অ্যান্টি-সেমিটিজম’ এবং ‘চেজিং আ মিরেজ: দ্য ট্র্যাজিক ইলিউশন অব অ্যান ইসলামিক স্টেট’ অন্যতম।

তারেক ফাতাহ্‌র মৃত্যুতে দেশ-বিদেশে শোক প্রকাশ করেছেন অনেক। ভারতীয় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও ‘কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী ফাতাহ্‌র মৃত্যুতে শোক জানিয়ে টুইটারে লিখেছেন, ‘তারেক ফাতাহ্‌ একজনই। তিনি ছিলেন সাহসী, রসিক, জ্ঞানী, সুবক্তা এবং সর্বোপরি একজন নির্ভীক ব্যক্তি।’