বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছু। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৯ এপ্রিল। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

মহাকাশ অভিযানে অগ্রগণ্য ভূমিকায় ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। দেশটির হাত ধরে প্রথমবারের মতো মহাকাশ স্টেশনের কার্যক্রম শুরু হয়। ১৯৭১ সালের এদিনে কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয় সোভিয়েত মহাকাশ স্টেশন সালুত-১। টানা ১৭৫ দিন এটি মহাকাশে অবস্থান করে। এ সময় প্রায় তিন হাজারবার পৃথিবী প্রদক্ষিণ করে এটি।
এখনকার যুক্তরাষ্ট্র একসময় যুক্তরাজ্যের অধীন ছিল। রক্তক্ষয়ী লড়াইয়ের পর স্বাধীনতা অর্জন করে যুক্তরাষ্ট্র। ১৭৭৫ সালের এদিনে প্রথমবার যুদ্ধে জড়ায় দুই পক্ষ। মার্কিন স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াই এটি। ম্যাসাচুসেটসের লেক্সিংটন অ্যান্ড কনকর্ডে এই লড়াই হয়।
একসময় এইডসে আক্রান্ত রোগীদের জন্য যুক্তরাজ্যে আলাদা কোনো চিকিৎসাকেন্দ্র ছিল না। ১৯৮৭ সালের এদিনে লন্ডনে প্রথমবারের মতো এইডস রোগীদের জন্য একটি স্বতন্ত্র মেডিকেল কেন্দ্র চালু করা হয়। এ চিকিৎসাকেন্দ্রটি উদ্বোধন করেন প্রিন্সেস ডায়ানা।
আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের একটি দেশ ইসোয়াতিনি। একসময় দেশটি সোয়াজিল্যান্ড নামেও পরিচিত ছিল। ব্রিটিশদের অধীন থেকে স্বাধীনতা পায় দেশটি।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০১৮ সালের এদিনে দেশটির নাম পরিবর্তন করা হয়। সোয়াজি রাজা তৃতীয় মাসওয়াতি ঘোষণা দেন, তাঁর দেশের নাম আর সোয়াজিল্যান্ড নয়। দেশটি ইসোয়াতিনি নামে পরিচিত হবে।