একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

আজ ২৪ নভেম্বর, শুক্রবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এর পাশাপাশি আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ভারতের কিছু উল্লেখযোগ্য খবরও আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

গাজায় যুদ্ধবিরতি শুরুর পর সড়কে হাঁটছে ফিলিস্তিনিরা। খান ইউনিস, দক্ষিণ গাজা, ২৪ নভেম্বর
ছবি: রয়টার্স

দেড় মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলার পর আজ শুক্রবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় আজ সকাল সাতটায় এ যুদ্ধবিরতি শুরু হয়। আজ বিকেল চারটায় প্রথম ধাপে ১৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস।

গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি এলাকায় ধোঁয়া উড়ছে, ২৩ নভেম্বর

অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থীশিবিরে জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৯৩ জন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট

গাজায় চার দিনের যুদ্ধবিরতি শেষে আবারও হামলা জোরদার করা হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি বলেন, স্বল্প সময়ের বিরতি শেষ হলে আরও অন্তত দুই মাস হামাসের বিরুদ্ধে তীব্রতর লড়াই চালিয়ে যাবে ইসরায়েলের বাহিনী।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দাঙ্গার জন্য কট্টর ডানপন্থী গুন্ডাদের দায়ী করেছে পুলিশ

ছুরি হামলার ঘটনায় তিন শিশুসহ পাঁচজন আহত হওয়ার পর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে নজিরবিহীন দাঙ্গা হয়েছে। এই দাঙ্গার জন্য ‘কট্টর ডানপন্থী গুন্ডাদের’ দায়ী করেছে আইরিশ পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে ডাবলিনের পারনেল স্কয়ার ইস্ট এলাকার একটি স্কুলের বাইরে এই ছুরি হামলার ঘটনা ঘটে।

সাংবাদিক ফাহাদ শাহ

কারামুক্ত হয়েছেন ভারতের কাশ্মীরের আলোচিত সাংবাদিক ফাহাদ শাহ। ৬০০ দিনের বেশি কারাবন্দী থাকার পর আদালত জামিন মঞ্জুর করলে বৃহস্পতিবার মুক্তি পান তিনি। সন্ত্রাসবাদকে মহিমান্বিত করে উপস্থাপন, ভুয়া খবর ছড়ানো এবং জম্মু ও কাশ্মীরের জনগণকে উসকানির অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতে ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস

যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। ওই নারীর অভিযোগ, ১৯৯৩ সালে তিনি এরিকের সহকর্মী ছিলেন। ওই সময় এরিক তাঁকে যৌন নিপীড়ন করেছেন।

ভারতে আফগানিস্তানের দূতাবাস ভবন

ভারতের দিল্লিতে আফগানিস্তানের দূতাবাসের কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শুক্রবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।