বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৫ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ১৮৮৭ সালের ১৫ নভেম্বর। জার্মান উদ্ভাবক কার্ল গাসেন তাঁর উদ্ভাবন করা ড্রাইসেল ব্যাটারির পেটেন্ট নেন। অল্প সময়ের মধ্যে এই ব্যাটারি তুমুল জনপ্রিয়তা পায়। এখনকার কার্বন-জিংকের মিশেলে বানানো ব্যাটারির মতোই ছিল সেটা।
বোরাক—মরক্কোর প্রথম দ্রুতগতির রেললাইন। কাসাব্লাঙ্কা ও তানজিয়ার্স শহরের মধ্যে সংযোগকারী এ রেললাইন চালু হয় ২০১০ সালের এই দিনে।
জনপ্রিয় গেমিং কনসোল এক্সবক্স। বানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ২০০১ সালের ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম এক্সবক্স ছাড়া হয়। অনলাইন গেমিংয়ের জগতে যুগান্তকারী পরিবর্তন আনে এই ডিভাইস।
সময়টা ২০১৯ সালের ১৫ নভেম্বর। পাকিস্তানে টাইফয়েডের টিকা দেওয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিশ্বের প্রথম দেশ হিসেবে পাকিস্তান সাধারণ মানুষের মধ্যে টাইফয়েডের টিকা দেওয়া শুরু করে।