ইতিহাসের এই দিনে

মঙ্গল গ্রহের পরিবেশে টানা ৫২০ দিন

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ ৩ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

মার্স-৫০০ অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা

মঙ্গল গ্রহে বসবাসের অভিজ্ঞতা কেমন হবে? এ প্রশ্ন করলে বেশির ভাগ মানুষ হয়তো উত্তর দিতে পারবেন না। সে উত্তর খুঁজতেই এই দিনে মঙ্গলে বসবাসের অভিজ্ঞতা নিতে অভিযানে গিয়েছিলেন ছয় স্বেচ্ছাসেবী। এ জন্য রাশিয়ায় বিশেষ একটি চেম্বার তৈরি করা হয়। এই চেম্বারের ভেতরকার পরিবেশ একেবারে মঙ্গল গ্রহের মতোই।

২০১০ সালের এই দিনে চেম্বারে প্রবেশ করেন ওই ছয়জন। থাকেন টানা ৫২০ দিন। এই সময়ে বাইরের বিশ্বের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল খুবই সামান্য। তাঁদের এই অভিযানের নাম ছিল মার্স-৫০০। মঙ্গলের পরিবেশ এই স্বেচ্ছাসেবীদের শরীরে কেমন প্রভাব ফেলে, বিজ্ঞানীরা সেটা পর্যবেক্ষণ করেন। এই পর্যবেক্ষণ ভবিষ্যতে মঙ্গলে অভিযানে কাজে লাগানো হবে।

ব্রাজিলে ধরিত্রী সম্মেলন শুরু

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ১৯৯২ সালের এই দিনে শুরু হয়েছিল ধরিত্রী সম্মেলন। জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

রাফায়েল নাদাল

রাফায়েল নাদালের জন্ম

রাফায়েল নাদাল-স্পেনের খ্যাতিমান টেনিস তারকা। ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড তাঁর। এ রেকর্ড অবশ্য আরেক তারকা নোভাক জোকোভিচেরও রয়েছে। নাদাল ফ্রেঞ্চ ওপেনে ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছেন। ২০০৫ থেকে ২০০৭ সালের মধ্যে ক্লে কোর্টে টানা ৮১ ম্যাচ জয়ের রেকর্ড গড়েন এই তারকা। এই কোর্টে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বিবেচনা করা হয় নাদালকে। ১৯৮৬ সালের ৩ জুন রাফায়েল নাদালের জন্ম।

এল কাপিতান। যুক্তরাষ্ট্রের বিশাল একটি পাথুরে পাহাড়

পাথুরে পাহাড় পরিমাপ

এল কাপিতান। যুক্তরাষ্ট্রের বিশাল একটি পাথুরে পাহাড়। এটির অবস্থান ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়োসিমিতে ন্যাশনাল পার্কে। প্রথম এই পাথুরে পাহাড়ে চড়েন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনোল্ড। ২০১৭ সালের এই দিনে তিনি এ কীর্তি গড়েন। উদ্দেশ্য ছিল এল কাপিতানের উচ্চতা পরিমাপ করা। অবাক করা বিষয় হলো, এই অভিযানে কোনো ধরনের দড়ি কিংবা সুরক্ষাসামগ্রী ব্যবহার করেননি অ্যালেক্স।