তথ্যপ্রযুক্তির ব্যবহার কতটা বেড়েছে, তার উদাহরণ হতে পারে যুক্তরাষ্ট্রের এই ঘটনা। সেখানে একদল তোতা পাখিকে ভিডিও কল করা শেখানো হয়েছে। এর মাধ্যমে পাখিগুলো অন্য পাখির সঙ্গে বন্ধুত্ব পাতাচ্ছে।
এখানে শেষ নয়। যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হচ্ছে, ওই পাখিগুলো ভিডিও কলের মাধ্যমে একে অপরকে বিভিন্ন সংকেত শেখাচ্ছে। এমনকি কীভাবে উড়তে হয়, তা–ও শেখাচ্ছে তোতা।
মানুষের বাচন রপ্ত করার ক্ষমতা যেসব পাখির রয়েছে, তার মধ্যে তোতাও রয়েছে। মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার ক্ষমতা অন্য অনেক পাখির তুলনায় এর বেশি। তাই বলে প্রযুক্তি ব্যবহার? এর জবাবে বলতেই হচ্ছে, হ্যাঁ। কারণ, আধুনিক প্রযুক্তিপণ্য স্মার্টফোন কিংবা ট্যাবলেট ব্যবহার করে এসব প্রশিক্ষিত তোতা পাখি কল করতে পারছে। এ জন্য পাখিগুলো আইফোনের ফেসটাইম অ্যাপ ব্যবহার শিখেছে। আবার জুম অ্যাপের ব্যবহারও শিখেছে পাখিগুলো। গবেষকেরা বলছেন, তোতাগুলো যখন কল করতে ইচ্ছা করে, তখন সংকেত দেয়।
নর্থইস্টার্ন ইউনিভার্সিটির গবেষক জেনিফার কুনহা বলেন, এক বছরের বেশি সময় হলো এই পাখিগুলো কথা বলছে ভিডিও কলে।
ভিডিও কলে তোতা কী কী করে, এ জন্য পাঁচ মিনিটের কথোপকথন পর্যবেক্ষণ করা হয়েছে। এতে দেখা গেছে, কথোপকথনের সময় এরা একে অপরকে নতুন শব্দ শেখায়, ওড়া শেখায়। যেসব পাখি একবারও একে অপরকে দেখেনি, তারাও ভিডিও কলে চঞ্চল হয়ে ওঠে, ইতিবাচক সাড়া দেয়। গবেষণায় আরও বলা হয়েছে, এই ভিডিও কলে তারা একে অপরের জন্য গান গায়, নাচে। এমনকি এটা বলতে শোনা গেছে, একটি পাখি আরেকটিকে বলছে, ‘হাই! এখানে আসো! হ্যালো!’
এমন ভিডিও কলের মাধ্যমে তোতাগুলোর জীবনযাপন আরও সুন্দর হচ্ছে কি না, এ নিয়েও গবেষণা হচ্ছে। এ জন্য অবশ্য যুক্তরাজ্যের গ্লাসগো ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিও নর্থইস্টার্ন ইউনিভার্সিটির সঙ্গে কাজ করছে।
এ প্রসঙ্গে নর্থইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রেবেকা ক্লেইনবার্গার বলেন, ‘আমরা এটা বলছি না যে বন্য পরিবেশে থাকলে পাখিগুলো যতটা খুশি থাকে, ততটা খুশি করা যায় এমন ভিডিও কলের মাধ্যমে। যেসব পাখি বন্দী আছে, সেগুলোকে খুশি রাখার চেষ্টা করছি আমরা।’