
মেক্সিকোয় মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাটদের অন্যতম এল চাপো ইসিদ্রোকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। তাঁর মূল নাম ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস। তবে এল চাপো ইসিদ্রো নামে পরিচিত তিনি। ইসিদ্রোকে গ্রেপ্তারের সময় মাদক পাচারকারী সংগঠনের আরও দুই নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে মেক্সিকোর সিনালোয়া রাজ্যে বড় ধরনের অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে দেশটির নিরাপত্তাপ্রধান এ তথ্য জানিয়েছেন।
এল চাপো ইসিদ্রো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ পলাতক আসামির একজন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০ বছরের বেশি সময় ধরে তিনি ও তাঁর অপরাধী সংগঠন বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন ও গাঁজা যুক্তরাষ্ট্রে পাচার করে আসছিলেন।
ইসিদ্রোকে ‘বেলত্রান লেইভা’ মাদক চক্রের অন্যতম নেতা হিসেবে বিবেচনা করা হতো। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই চক্র শক্তিশালী সিনালোয়া কার্টেলের ‘লস মায়োস’ গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধেছিল।
শুক্রবার রাতের সামরিক অভিযানের জেরে সিনালোয়া রাজ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদক চক্রের সদস্যদের সশস্ত্র সংঘর্ষ হয়। কয়েকটি এলাকায় সড়কে অবরোধ তৈরি করে তাতে আগুন ধরিয়ে দেন মাদক চক্রের সদস্যরা।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী এই অভিযান চালিয়েছে। এতে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ছিল।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, দেশটির সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী এই অভিযান চালিয়েছে। এতে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ছিল।
পোস্টে আরও বলা হয়, আশপাশের কয়েকটি পৌর এলাকায় মাদক চক্রের সদস্যরা সড়ক অবরোধ করেছিলেন। এসব অবরোধ সরাতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের প্রশাসন মাদক চক্রগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে মেক্সিকোর ভেতরে সামরিক অভিযান চালাবে।—ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র
শুক্রবার রাতে সিনালোয়ার গুয়াসাভে এলাকা থেকে এল চাপো ইসিদ্রোকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেখানকার ভিডিওতে দেখা যায়, মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার থেকে মাটিতে থাকা লক্ষ্যবস্তুতে গুলি চালানো হচ্ছে।
ভিডিওতে আরও দেখা যায়, একটি বেসবল খেলা চলাকালে স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছেন। অন্যদিকে রাতের একটি বাজারের কাছেও কয়েকজনকে প্রাণ বাঁচাতে আশ্রয় নিতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের চাপের মুখে মেক্সিকো সম্প্রতি একের পর এক প্রভাবশালী সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বা অভিযানে হত্যা করেছে। এর মধ্যেই গ্রেপ্তার হলেন এল চাপো ইসিদ্রো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়ে বলেছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের প্রশাসন মাদক চক্রগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে মেক্সিকোর ভেতরে সামরিক অভিযান চালাবে।
এল চাপো ইসিদ্রোর গ্রেপ্তারের বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও এফবিআইয়ের সঙ্গে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে তারা কোনো উত্তর দেয়নি।