
গত বছরের অক্টোবরে লুইস ইনাসিও দা সিলভা যখন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন তিনি বিজয়ী ভাষণে তাঁর বৈশ্বিক লক্ষ্যের বিষয়টি তুলে ধরেছিলেন। লুলা বলেছিলেন, ‘আমি আজ বিশ্বকে জানাতে চাই, ব্রাজিল ফিরে এসেছে।’
ইতিমধ্যে লুলা ক্ষমতায় ১০০ দিন পার করেছেন। এর মধ্যেই তিনি তাঁর প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করেছেন। তিনি বিশ্বমঞ্চে ব্রাজিলকে তুলে ধরতে বেশ কয়েকটি দেশ সফর করেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে তুলে ধরেছেন ‘শান্তির ক্লাব’ প্রতিষ্ঠার প্রস্তাব।
গত জানুয়ারিতে লুলা আর্জেন্টিনা সফর করেন। ফেব্রুয়ারিতে যান যুক্তরাষ্ট্র সফরে। সেখানে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। ১১ এপ্রিল তিনি চার দিনের সফরে চীন যান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ব্রাজিল সফর করেছেন। তাঁর সঙ্গে সাক্ষাতের পর লুলা দ্বিতীয় দফায় যুদ্ধ বন্ধে শান্তির প্রস্তাব দিয়েছেন।
লুলা ইউক্রেন যুদ্ধ থামাতে একটি ‘শান্তির ক্লাব’ প্রতিষ্ঠার প্রস্তাব সামনে এনেছেন। গত মার্চে তাঁর এ পরিকল্পনার বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য ব্রাজিলের শীর্ষ বৈদেশিক নীতিবিষয়ক কর্মকর্তা মস্কো সফরে যান।
প্রেসিডেন্ট হিসেবে ২০০৩ ও ২০১০ সালের দুই মেয়াদের মতো এবারও লুলা বিশ্বের বিভিন্ন বিষয়ে ব্রাজিলের অবস্থান তৈরি করতে চান। তাঁর এই লক্ষ্যকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ, প্রথম দফায় প্রেসিডেন্ট হিসেবে লুলা বাস্তববাদী ও স্বাধীন কূটনীতির সূচনা করেছিলেন, যাতে মার্কিন আধিপত্যের সময়েও ব্রাজিলের স্বার্থসংশ্লিষ্ট বিষয় প্রাধান্য পেয়েছিল। এ ছাড়া বহুমুখী বিশ্ব গড়ার ক্ষেত্রেও ভূমিকা রেখেছিলেন তিনি।
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস গঠনেও ভূমিকা রেখেছিলেন লুলা। ব্রিকসের অন্যান্য সদস্যদেশ হচ্ছে চীন, রাশিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিনিয়োগকারী সংস্থা গোল্ডম্যান স্যাকসে ২০০১ সালে ব্রিকস ধারণার প্রথম জন্ম হয়। ২০০৬ সালে এটি বাণিজ্য জোট হিসেবে আত্মপ্রকাশ করে। কালক্রমে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর ভূরাজনৈতিক বিকল্প হিসেবে ব্রিকস নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এমনকি বৈদেশিক মুদ্রার বিনিময় মাধ্যম হিসেবে ডলারের বিকল্প হিসেবে একক মুদ্রা চালুর ব্যাপারেও ব্রিকসের সদস্যদেশগুলো আলোচনা করেছে।
লুলা তুরস্কের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিও করেছিলেন, যাতে ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র। এই চুক্তির ফলে ইরান পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ না করে সমৃদ্ধ করা ইউরেনিয়াম তুরস্কে পাঠাতে পারবে।
তবে লুলার লক্ষ্য আগের মতো থাকলেও তিনি নতুন করে ক্ষমতায় আসার পর বিশ্ব অনেক বদলে গেছে। ব্রাজিল এখন অনেকটা একটি মেরুর দিকে ঝুঁকে পড়েছে এবং দেশে লুলার সমর্থনও কমে গেছে। তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে জিতেছেন। তিনি প্রতিদ্বন্দ্বী জইর বলসোনারোর চেয়ে মাত্র ১ দশমিক ৮ শতাংশ বেশি ভোট পান। ১৯৮৯ সালে দেশটিতে গণতন্ত্র শুরুর পর এটিই সবচেয়ে কম ব্যবধানে জয়ের রেকর্ড।
চীনও এখন আর উদীয়মান কোনো বাজার নয়; বরং তারা বৈশ্বিক শক্তিধর দেশ। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়েছে, লাতিন আমেরিকায় মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সবার সঙ্গে সম্পর্ক ধরে রাখতে এখন চড়া মূল্য চুকাতে হবে ব্রাজিলকে। লুলার তৃতীয় মেয়াদে জোটনিরপেক্ষতার প্রতি ব্রাজিলের অঙ্গীকার এখন আগের চেয়ে অনেক বেশি পরীক্ষার মধ্যে পড়বে।
তবে লুলার সক্রিয় কূটনীতির বিষয়টি ব্রাজিলের ঐতিহ্যের ধারবাহিকতা হিসেবে মনে করা হয়। কারণ, দেশটির জনসংখ্যা লাতিন আমেরিকার এক–তৃতীয়াংশ। মিত্রদের সঙ্গে দুটি বিশ্বযুদ্ধে অংশগ্রহণ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের জন্য দীর্ঘদিনের দাবিদার তারা। ব্রাজিলের মধ্যস্থতায় দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের অভ্যন্তরীণ সংঘাত বন্ধ হয়েছে।
লুলার ক্ষমতা ছাড়ার পর দিলমা রুসেফ ক্ষমতায় বসলে পররাষ্ট্রনীতি দুর্বল হয়ে পড়ে। অর্থনৈতিক অব্যবস্থাপনায় ২০১০ সালের মাঝামাঝি দেশটি মন্দায় পড়ে যায়। এরপরই ব্রাজিলে কট্টর ডানপন্থী নেতা জইর বলসোনারোর আবির্ভাব। তাঁর নেতৃত্বে ব্রাজিলের পররাষ্ট্রনীতি আরও খারাপ পরিস্থিতিতে পড়ে যায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই চীনবিমুখ হন বলসোনারো। বিদেশি বন্ধুর সংখ্যাও ছেঁটে ফেলেন। এ ছাড়া আমাজন বন উজাড়ে তাঁর সমর্থনের কারণে বৈশ্বিক মঞ্চে ব্রাজিল উপেক্ষিত হতে থাকে। কিন্তু লুলা ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্র, চীনসহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেন। আমাজন বন রক্ষা ও ইউক্রেনে শান্তি ফেরানোর প্রক্রিয়া শুরু করেন তিনি।
রাশিয়া-ইউক্রেন সংঘাত যদি গুরুত্বের সঙ্গে মধ্যস্থতা করতে চান, তবে আপনাকে দুই পক্ষেই সফর করতে হবে এবং ইউক্রেনে রাশিয়া যা করেছে, তা দেখে আসতে হবেব্রুনা সান্তোস, বিশ্লেষক, উইলসন সেন্টার
লুলার জন্য যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলা প্রথম চ্যালেঞ্জিং কাজ হবে। লুলার পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভেইরা বলেছেন, ব্রাজিল স্বয়ংক্রিয় কোনো প্রান্তিকীকরণের দিকে যাবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে লুলার বৈঠকে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। ক্ষমতা গ্রহণের পর বিদ্রোহীদের কাছ থেকে লুলা ও বাইডেনের অভিজ্ঞতাও একই রকম। গত জানুয়ারিতে লুলার প্রেসিডেন্ট হিসেবে শপথের পর বলসোনোরোর সমর্থকেরা সরকারি ভবনে হামলা চালায়। ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে একই রকম হামলা করেছিল। লুলার কর্মকর্তারা যুক্তরাষ্ট্র সফরকে সফল বলে উল্লেখ করেছেন। লুলার সফরের পর যুক্তরাষ্ট্র আমাজন সুরক্ষা তহবিলে পাঁচ কোটি মার্কিন ডলার দিতে প্রতিশ্রুতি দিয়েছে। জার্মানির পক্ষ থেকেও আমাজন রক্ষায় আরও সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের সাবেক রাষ্ট্রদূত সার্জিও আমারল বলেন, যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের সঙ্গে লুলার আলোচ্য সূচি আরও বাস্তবসম্মত ও সুদূরপ্রসারী। গত মার্চেই এ সফরে যেতে চেয়েছিলেন লুলা। তবে হঠাৎ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি সেখানে যেতে পারেননি। তাঁর এ সফরে পাঁচজন মন্ত্রী, এক ডজনের বেশি আইনপ্রণেতা ও ২৪০ জনের বেশি ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন। তাঁর সফর ঘিরে চীনের আচরণও পাল্টে গেছে। ব্রাজিলের মাংস রপ্তানিতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে। ব্রাজিলের পক্ষ থেকে স্থানীয় মুদ্রায় লেনদেনের প্রস্তাবও দেওয়া হয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে যে অবকাঠামো কর্মসূচি আছে, তাতে স্বাক্ষর করার আগ্রহও দেখিয়েছেন লুলা।
লুলা তাঁর শান্তি প্রস্তাব নিয়ে যে পথে যেতে চাইছেন, তাতে অনেক দেশকে পাশে না–ও পেতে পারেন। এর আগে ইরান নিয়ে তিনি যে চুক্তি করতে চেয়েছিলেন, তাতে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়েছিল। কিন্তু লুলা তা থেকে শিক্ষা নেননি। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে যে ‘শান্তির ক্লাব’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন, তা পশ্চিমা বিশ্বও ভালোভাবে নেয়নি। পশ্চিমা দেশগুলো মনে করে, লুলার প্রস্তাব রাশিয়াঘেঁষা। এ ছাড়া চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ইউক্রেন যুদ্ধ বন্ধে নিজস্ব প্রস্তাব সামনে এনেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনে শান্তি আলোচনা শুরু করতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার একটি প্রস্তাব এ মাসের শুরুতে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। লুলা তাঁর প্রস্তাবে যুদ্ধের সমাপ্তি টানতে ইউক্রেনকে ক্রিমিয়া ছেড়ে দিতে বলেছিলেন। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়।
লুলার প্রস্তাবের জবাবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো ফেসবুকে বলেছেন, ইউক্রেনের এক সেন্টিমিটার জমিও তুলে দেওয়ার কোনো আইনি, রাজনৈতিক বা নৈতিক কারণ নেই। ইউক্রেনে শান্তি ফেরানোর জন্য যেকোনো মধ্যস্থতার প্রচেষ্টা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার ওপর ভিত্তি করে হওয়া উচিত।
লুলা প্রস্তাবে বলেন, যুদ্ধ চালিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিছু পাবেন না। লুলার পক্ষ থেকে ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার জন্য কয়েকটি দেশের একটি গ্রুপ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আগেই তাঁর চীন সফরের পর এই গ্রুপ তৈরির ঘোষণা দিয়েছিলেন। এখন দেখা যাক কী হয়।
অবশ্য রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে তাদের আলোচনার টেবিলে শান্তি আলোচনার বিষয়টি নেই। তারা ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, আলোচনা তখনই সম্ভব হবে, যদি তারা মার্কিন আধিপত্য ছাড়াই একটি নতুন বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত করে।
লুলার শান্তি ক্লাব প্রতিষ্ঠার প্রচেষ্টা এখনো একতরফা বলেই মনে হচ্ছে। জাতিসংঘে ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলেও লুলা এ যুদ্ধের জন্য পুতিনের সমান দায় জেলেনস্কির ওপরও চাপিয়েছেন। গত জানুয়ারিতে তিনি ইউক্রেনে গোলাবারুদ পাঠানোর জন্য জার্মানির অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, ‘আমি মনে করি, এক পক্ষ যুদ্ধ বন্ধ করলে অপর পক্ষও যুদ্ধ করবে না।’
৬ এপ্রিল থেকে লুলা তাঁর অবস্থান পরিবর্তন করে বলছেন, রাশিয়া ইউক্রেনের দখল করা অঞ্চল রাখতে পারে না। তিনি ক্রিমিয়া ছেড়ে দিতে বলেন। লুলা সম্প্রতি জেলেনস্কির সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করেছেন। তবে লুলা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখতে চান। কারণ, দেশটি ব্রিকসের সহযোগী। ব্রাজিলের প্রয়োজনীয় সারের এক–চতুর্থাংশ সরবরাহ করে রাশিয়া।
মার্কিন গবেষণাপ্রতিষ্ঠান উইলসন সেন্টারের বিশ্লেষক ব্রুনা সান্তোস বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত যদি গুরুত্বের সঙ্গে মধ্যস্থতা করতে চান, তবে আপনাকে দুই দেশেই সফরে যেতে হবে এবং ইউক্রেনে রাশিয়া যা করেছে, তা দেখে আসতে হবে।
গেটুলিও ভার্গাস ফাউন্ডেশনের বিশ্লেষক অলিভার স্টুয়েঙ্কেল বলেন, অংশবিশেষ দেখে লুলা তাঁর নিরপেক্ষ অবস্থান হারানোর ঝুঁকিতে থাকবেন। চুক্তিতে রাশিয়া বা ইউক্রেনকে রাজি করাতে ব্রাজিলের ভূরাজনৈতিক গুরুত্বের সংকট রয়েছে।
ব্রাজিলের সাবেক কূটনীতিক আমারল বলেন, ব্রাজিলের প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে সংকট চলছে, তাতে মধ্যস্থতা করার বড় সুযোগ রয়েছে লুলার সামনে। তিনি আরও বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি সম্ভবত ব্রাজিলের জন্য বিশ্বে একটি বড় ভূমিকা রাখার সুযোগ করে দেবে।’
লুলা অবশ্য সে প্রচেষ্টাও শুরু করেছেন। ক্ষমতায় ফেরার পর থেকে আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আলোচনা করছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েকে নিয়ে গঠিত মেরকোসুর নামে জোটের চুক্তি নিয়ে কাজ করছেন তিনি। তবে নিকারাগুয়ায় মধ্যস্থতাকারী হিসেবে তিনি সেখানকার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার বিরাগভাজন হয়েছেন।
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় শীর্ষস্থানীয় ভূমিকা পালন করতে পারে ব্রাজিল। ২০২৫ সালে ‘কপ ৩০’ জলবায়ু সম্মেলন আয়োজন করার চেষ্টা করছেন লুলা। এ ছাড়া ১৯৭৮ সালে আমাজনে যে আটটি দেশে রয়েছে, সেগুলোকে নিয়ে ‘আমাজন চুক্তি’ পুনরুজ্জীবিত করতে চাইছেন তিনি। বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বন ও জীববৈচিত্র্য ব্রাজিলেই। ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত আমাজন বন উজাড় করার হার ৮০ শতাংশ কমেছিল। এর পেছনে ছিলেন লুলা। এর অর্থ, মানবতার ভবিষ্যতের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্রে বৈশ্বিক ক্ষমতার নেতৃত্ব ব্রাজিলের হাতে। লুলা তাই বড় রাজনৈতিক বিষয়গুলোতে যেখানে তাদের প্রভাব সামান্য বা বলতে গেলে কিছুই নেই, তার পরিবর্তে পরিবেশের মতো বিষয়ে বেশি জোর দিতে পারেন।