
কলম্বিয়ার দক্ষিণ–পশ্চিমাঞ্চলের একটি সংঘাতময় কাউকা অঞ্চলে মহাসড়কে বোমা বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন।
স্থানীয় সময় গতকাল শনিবারের এ বিস্ফোরণ ওই অঞ্চলটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সর্বশেষ সহিংস ঘটনার নজির। আগামী মাসে কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।
কর্তৃপক্ষ দাবি করেছে, কোকো উৎপাদনের জন্য পরিচিত ওই অঞ্চলটিতে এফএআরসি (ফার্ক) গেরিলা দল হামলা চালিয়েছে। এই গেরিলারা কলম্বিয়াজুড়ে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেন, ‘যারা এই হামলার সঙ্গে সম্পৃক্ত তারা সন্ত্রাসী, ফ্যাসিস্ট ও মাদক পাচারকারী। আমি চাই, আমাদের সেরা সেনারা তাদের মোকাবিলা করবে।’
কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজম্যান শনিবার রাতে এক্স পোস্ট বলেন, ‘আমরা ১৪ জন নিহত হওয়ার খবর পেয়েছি। আরও ৩৮ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচটি শিশুও রয়েছে।’
উদ্ধারকারী ব্যক্তিরা নিখোঁজ থাকা কয়েকজনকে খুঁজে বরে করতে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশের একটি সূত্র।
জানা গেছে, প্যান-আমেরিকান মহাসড়কে বিস্ফোরণে কয়েকটি গাড়ি একেবারে দুমড়েমুচড়ে গেছে। বিস্ফোরণের তীব্রতায় বেশ কয়েকটি গাড়ি উল্টে গেছে। সড়কে বিরাট গর্ত তৈরি হয়েছে।
এটাকে বেসামরিক মানুষের ওপর একটি ‘সন্ত্রাসী হামলা’ বলে একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন কলম্বিয়ার সামরিক বাহিনীর প্রধান হুগো লোপেজ।