
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। কোভিড-১৯ টিকার তথ্যসংবলিত সরকারি তথ্যভান্ডারে ঢুকে একটি গ্রুপ কারচুপি করেছে, এমন সন্দেহে চলমান তদন্তের অংশ হিসেবে অভিযানটি চালানো হয়। এ সময় বলসোনারোর ঘনিষ্ঠ মাউরো সিদকে গ্রেপ্তার করা হয় বলে বিবিসির খবরে বলা হয়।
আল–জাজিরার খবরে বলা হয়, ফেডারেল পুলিশ বুধবার এক বিবৃতিতে জানায়, একটি ‘অপরাধী চক্রকে’ লক্ষ্য করে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া ও রিও ডি জেনেরিওতে পুলিশ ১৬টি অভিযান চালিয়েছে। ধারণা করা হচ্ছে, নেটওয়ার্কটি জনস্বাস্থ্য ব্যবস্থায় কোভিড টিকার তথ্যভান্ডারে মিথ্যা তথ্য ঢুকিয়েছে।
অভিযানের পর বলসোনারো তাঁর বাড়ির বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এ ধরনের অভিযানে তিনি ‘হতবাক’। এ সময় তিনি আবার দাবি করেন, তিনি কোভিড টিকার একটি ডোজও নেননি। পুলিশ তাঁর সেলফোনটি নিয়ে গেছে দাবি করে তিনি বলেন, ‘আমার পক্ষ থেকে কোনো মিথ্যা বলা হয়নি। আমি টিকা নিইনি।’
ব্রাজিলের টেলিভিশন নেটওয়ার্ক গ্লোব বুধবার ব্রাসিলিয়াতে বলসোনারোর কনডোমিনিয়াম কমপ্লেক্সের ভেতরে পুলিশ অবস্থান করছে, এমন ফুটেজ সম্প্রচার করে।
বিবিসির খবরে বলা হয়, পুলিশ বলছে, বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির কোভিড টিকা গ্রহণ–সম্পর্কিত তথ্য পরিবর্তন করে দেওয়া হয়েছে।
ফেডারেল পুলিশ বলছে, ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকা কোভিড-১৯ টিকাদানের রেকর্ডে ‘মিথ্যা তথ্য’ ঢোকানো হয়েছে। গত বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এটি করা হয়েছে।
পুলিশের মতে, এটি করা হয়েছিল, যাতে ওই ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে যেতে পারেন। কারণ, যুক্তরাষ্ট্রে যেতে হলে টিকা গ্রহণের সনদ লাগে।
বলসোনারো কোভিড টিকার ঘোরবিরোধী, যিনি বারবার করোনা টিকা ও এর কথিত পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছেন—এমনকি ২০২১ সালে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে তিনি দাবি করেছিলেন, করোনা টিকা এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। ২০২১ সালের অক্টোবরে তিনি বলেছিলেন, তিনি করোনা প্রতিষেধক টিকা নেবেন না।
চলতি বছরের ফেব্রুয়ারতি ব্রাজিলের দুর্নীতিবিরোধী সংস্থা দ্য অফিস অব দ্য কম্পট্রোলার জেনারেল সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর টিকা গ্রহণের বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। তারা দেখতে পায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেকর্ডে তাঁর নামে টিকা কার্ড আছে।
ব্রাজিলে গত অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। লুলার দায়িত্ব নেওয়ার দুদিন আগে ৩০ ডিসেম্বর বলসোনারো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাড়ি জমান। সেখানে তিনি এ বছরের ৩০ মার্চ পর্যন্ত ছিলেন।
ব্রাজিলে ফেরার পর তিনি দুটি পৃথক তদন্তে সাক্ষ্য দিতে দুইবার পুলিশের সামনে হাজির হয়েছেন।
এর মধ্যে একটি হলো গত জানুয়ারিতে ব্রাজিলের পার্লামেন্ট ভবন কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্ট ভবনসহ বিভিন্ন সরকারি দপ্তরে তাঁর সমর্থকদের চালানো তাণ্ডবে তাঁর ভূমিকা কী ছিল, তা। আর অপরটি হলো ২০১৯ সালে সৌদি আরব বলসোনারো এবং তাঁর স্ত্রীকে যে মিলিয়ন ডলার মূল্যের গয়না দিয়েছিলেন, তা অবৈধভাবে আমদানি করে নিজেদের কাছে রাখার চেষ্টা করেছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে।
বুধবারের অভিযান প্রসঙ্গে বলসোনারোর রাজনৈতিক দলের নেতা ভালদেমার কোস্টা নেটো টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমরা বিশ্বাস করি, বিচার বিভাগের মাধ্যমে সব সন্দেহ দূর হবে এবং প্রমাণিত হবে, বলসোনারো বেআইনি কিছু করেননি।’