
রাতের অন্ধকারে দোকান ভেঙে ভেতরে ঢুকে ২০০টির বেশি কেডস নিয়ে গেছে চোরের দল। তাদের হয়তো পরিকল্পনা ছিল, এসব জুতা বিক্রি করে বেশ ভালো কামাই হবে। কিন্তু তারা যে কী ভুল করেছে, তা তারা নিশ্চয়ই কিছু সময় পর টের পেয়েছে।
দোকানের মালিক হিসাব করে দেখেছেন, যে জুতাগুলো নিয়ে গেছে, সেগুলোর দাম প্রায় ১৩ হাজার মার্কিন ডলার। তারপরও এগুলো বিক্রি করতে গেলে বেশ ভোগান্তি হবে চোরের দলটির। কারণ, তারা যেসব জুতা চুরি করেছে, সেগুলো সব ডান পায়ের। পেরুর হুয়ানকায়ো শহরে এ ঘটনা ঘটে।
ব্যাপক লাভের আশায় করা এ চুরির ঘটনা দোকানের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, মধ্যরাতে ডাকাত দলের সদস্যরা দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা বিভিন্ন ব্র্যান্ডের কেডস জুতার বাক্স তুলে নিয়ে সাইকেলে করে পালায়।
স্থানীয় পুলিশপ্রধান এডুয়ান ডি দেশটির গণমাধ্যমগুলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। এখানে অস্বাভাবিক যে বিষয়টি হয়েছে, তা হলো শুধু ডান পায়ের জুতা চুরি হয়েছে। ফুটেজ ও আঙুলের ছাপের সঙ্গে মিলিয়ে আমরা তাদের ধরতে সক্ষম হব।’