বরফে ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকায় জনবসতি নেই বললেই চলে। ২০২০ সালে এখানে পাওয়া একটি ব্যাঙের ফসিল, যা চার কোটি বছর আগের বলে ধারণা করেন বিজ্ঞানীরা
বরফে ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকায় জনবসতি নেই বললেই চলে। ২০২০ সালে এখানে পাওয়া একটি ব্যাঙের ফসিল, যা চার কোটি বছর আগের বলে ধারণা করেন বিজ্ঞানীরা

ইতিহাসের এই দিনে

৪ কোটি বছরের পুরোনো ফসিলের সন্ধান

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছু। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৩ এপ্রিল। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

অ্যান্টার্কটিকা মহাদেশে ২০২০ সালের এ দিনে একটি ব্যাঙের ফসিল খুঁজে পাওয়া যায়। ফসিলটি প্রায় ৪ কোটি বছরের পুরোনো। এর মধ্য দিয়ে বিজ্ঞানীরা ধারণা করেন, বরফে ঢাকা এই মহাদেশে সেই সময়েও প্রাণের উপস্থিতি ছিল।

অটোমান সাম্রাজ্যের অবসান

অটোমান সম্রাটেরা ৬০০ বছর ধরে দোর্দণ্ড প্রতাপের সঙ্গে তুরস্ক শাসন করেছিলেন। তাঁদের সাম্রাজ্য তুরস্কের সীমানা ছাড়িয়ে আশপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়েছিল। ১৯২০ সালের এ দিনে মুস্তফা কামাল আতাতুর্কের হাত ধরে তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অটোমান সাম্রাজ্যের অবসান ঘোষণা করে। আনুষ্ঠানিক পতন হয় সুলতান ষষ্ঠ মেহেমেতের। যাত্রা শুরু করে আধুনিক গণতান্ত্রিক তুরস্ক।

অটোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল আজকের তুরস্ক

ম্যালেরিয়ার টিকার ব্যবহার শুরু

মশাবাহিত রোগ ম্যালেরিয়া। বিশ্বজুড়ে, বিশেষত আফ্রিকার দেশগুলোতে প্রতিবছর ম্যালেরিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক মানুষ প্রাণ হারায়। ২০১৯ সালের এ দিনে মালাবি সরকার ম্যালেরিয়ার টিকার ব্যবহার শুরু করে। এ প্রকল্পে দেশটিকে সহায়তা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বে ম্যালেরিয়ায় টিকা ব্যবহারের প্রথম প্রকল্প এটি।

আফ্রিকার দেশগুলোতে ম্যালেরিয়ার প্রকোপ বেশি

শেক্‌সপিয়ারের প্রয়াণ

প্রখ্যাত ব্রিটিশ নাট্যকার-সাহিত্যিক উইলিয়াম শেক্‌সপিয়ার। ‘হ্যামলেট’, ‘ম্যাকবেথ’সহ বেশ কিছু রচনার জন্য অমর হয়ে রয়েছেন শেকস্‌পিয়ার। ১৬১৬ সালের এ দিনে প্রয়াত হন খ্যাতিমান এই সাহিত্যিক।