ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলা বর্ষবরণ

ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল পয়লা বৈশাখে বিশ্ববিদ্যালয়ের লেক ক্লেয়ারের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়টিতে দুই শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে। পাঁচজন বাংলাদেশি অধ্যাপকও কর্মরত আছেন এখানে। ১৪ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটির দিন। তাই বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে, জীর্ণ-পুরোনোকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরকে স্বাগত জানাতে মেতে উঠেছিল বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক ও তাঁদের পরিবার।
বর্ষবরণের অনুষ্ঠানে শিক্ষার্থীদের রান্না করা পান্তা-ইলিশ হরেক রকম ভর্তা, চটপটি, খাসির মাংস, মুরগির মাংস, রসগোল্লা ও দইসহ বাঙালি খাবারের কোনো ঘাটতি ছিল না। পারস্পরিক কুশল বিনিময়, শাড়ি-পাঞ্জাবির বাহারি সাজ আর বাংলা শব্দ দিয়ে মজার খেলা আয়োজনের মাঝে যেন ঘুচে গিয়েছিল দেশের মাটির হাজার মাইলের দূরত্ব। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ভারতীয় বাঙালিরাও।
ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক বৈশ্বিক বাঙালি জাতি গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।