নিজের ক্ষমতা গ্রহণের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। ৩১ মে ২০২৬
নিজের ক্ষমতা গ্রহণের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। ৩১ মে ২০২৬

মেক্সিকো সরকারের বিরুদ্ধে কাজ করছে যুক্তরাষ্ট্রের উগ্র ডানপন্থীরা: শেনবাউম

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের উগ্র ডানপন্থীরা মেক্সিকোর স্থানীয় কিছু গোষ্ঠীর সঙ্গে মিলে তাঁর সরকারের বিরুদ্ধে কাজ করছে। গতকাল সোমবার তিনি এমন অভিযোগ করেছেন।

এর আগে রোববার অনুষ্ঠিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ও ব্যবসায়িক স্বার্থান্বেষী গোষ্ঠীর কথিত হস্তক্ষেপের সমালোচনা করেছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট।

গতকাল এক সংবাদ সম্মেলনে শেনবাউম বলেন, ‘আমি মনে করি, যুক্তরাষ্ট্রের উগ্র ডানপন্থী কিছু গোষ্ঠী আছে, যারা মতাদর্শগত বিরোধের কারণে মেক্সিকোর সঙ্গে খারাপ সম্পর্ক চায়।’

বামপন্থী এই প্রেসিডেন্ট আরও বলেন, এ ধরনের তৎপরতা বা কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হচ্ছে বলে তিনি মনে করেন না।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। শুল্ক ও অভিবাসন নীতি নিয়ে বিতর্কের জেরে এ টানাপোড়েন আরও বেড়েছে।

গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মেক্সিকোর ১০ কর্মকর্তাকে অভিযুক্ত করার পর পরিস্থিতি আরও খারাপ হয়। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মেক্সিকোর ক্ষমতাসীন দল মোরেনার নেতা ও সিনালোয়া রাজ্যের গভর্নর রুবেন রোচাও আছেন।

এ অভিযোগের পর প্রেসিডেন্ট শেনবাউম জাতীয় সার্বভৌমত্ব রক্ষার আহ্বান আরও জোরালো করেন। তিনি গত রোববার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘মেক্সিকোতে সিদ্ধান্ত কে নেবে—বিদেশি সংস্থা, নাকি জনগণ?’

বামপন্থী এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা মেক্সিকোর সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করব।’

গত সপ্তাহে মেক্সিকোর কংগ্রেস একটি সাংবিধানিক সংশোধনী অনুমোদন করে। এতে বলা হয়েছে, ‘বিদেশি হস্তক্ষেপ’ হলে নির্বাচন বাতিল করা যেতে পারে। বিরোধী নেতারা এ সংশোধনীর সমালোচনা করেছেন। তাঁরা মনে করেন, নির্বাচনের ফল ক্ষমতাসীন দলের পছন্দের বিপরীতে গেলে তারা নতুন নির্বাচন আয়োজনের অজুহাত হিসেবে এ আইনের অপব্যবহার করতে পারে।

কূটনৈতিক বিষয়ে বিভক্তি থাকলেও প্রেসিডেন্ট শেনবাউম এখনো মেক্সিকোতে বেশ জনপ্রিয়। সংবাদপত্র এল ফিনান্সিয়েরোর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, তাঁর জনপ্রিয়তা ৬৯ শতাংশে পৌঁছেছে। মার্চের শুরুর দিকে তাঁর জনপ্রিয়তা কিছুটা পড়তির দিকে ছিল।