মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হামলাকারীকে ‘অত্যন্ত অসুস্থ মানসিকতার’ বললেন ট্রাম্প, কী লেখা ছিল তাঁর ঘোষণাপত্রে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গত শনিবার রাতে নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ব্যক্তি ‘অত্যন্ত অসুস্থ মানসিকতার’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বজনেরা ওই ব্যক্তিকে আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এনেছিলেন। গতকাল রোববার ট্রাম্প এসব কথা বলেন।

অভিযুক্ত ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। ৩১ বছর বয়সী অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা। এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অ্যালেন একটি ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন। সেটিকে খ্রিষ্টানবিরোধী ঘোষণাপত্র বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘অ্যালেন আগে খ্রিষ্টান ছিলেন, বিশ্বাসী ছিলেন। কিন্তু পরে খ্রিষ্টানবিরোধী হয়ে ওঠেন এবং তাঁর মধ্যে বড় ধরনের পরিবর্তন দেখা যায়।’

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘অ্যালেন সম্ভবত অত্যন্ত অসুস্থ মানসিকতার মানুষ।’

ঘোষণাপত্রে অভিযুক্ত ব্যক্তি বলেছিলেন, তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন অ্যালেন। গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ পদ থেকে শুরু করে ক্রমান্বয়ে নিচের পর্যায়ের কর্মকর্তাদের নিশানার জন্য তালিকাভুক্ত করেছিলেন তিনি। তবে এফবিআই পরিচালক কাশ প্যাটেলকে সেই তালিকা থেকে বাদ রেখেছিলেন।

নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পকে নৈশভোজ অনুষ্ঠান থেকে নিরাপদে সরিয়ে নিচ্ছেন

ঘোষণাপত্রে অ্যালেন দাবি করেন, ট্রাম্প প্রশাসনের নীতির কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের রক্ষা করাই তাঁর উদ্দেশ্য। সেখানে বলা হয়, ‘অন্য কাউকে নিপীড়িত হতে দেখে চুপচাপ বসে থাকাটা খ্রিষ্টধর্মীয় আচরণ নয়; বরং তা নিপীড়কের অপরাধে অংশীদার হওয়ার শামিল।’

হামলার কিছুক্ষণ আগে অ্যালেনের ঘোষণাপত্রটি তাঁর পরিবারের সদস্যদের হাতে পৌঁছায়। এতে ওয়াশিংটনে হিলটন হোটেলের নিরাপত্তাব্যবস্থাকে ‘উদ্ভট মাত্রায় দুর্বল’ বলে উপহাস করা হয়েছে। ওই হোটেলেই শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হয়েছিল।

নৈশভোজে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতারা অংশ নিয়েছিলেন। তা ছাড়া সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হঠাৎই গুলির শব্দ শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে ট্রাম্প, মেলানিয়াসহ অন্য কর্মকর্তাদের সেখান থেকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

কর্তৃপক্ষ বলেছে, ওয়াশিংটন হিলটন হোটেলের নিরাপত্তা চেকপয়েন্টে অভিযুক্ত ব্যক্তি সিক্রেট সার্ভিসের এক সদস্যের দিকে শটগান থেকে গুলি চালান। অ্যালেনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।

অ্যালেনের ঘোষণাপত্রে লেখা ছিল, ‘হোটেলে ঢুকেই আমি প্রথম যে জিনিস লক্ষ করি, তা হলো একধরনের অহমিকাবোধ। আমি একাধিক অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করি, অথচ সেখানে একজনও এটা ভাবেনি যে আমি কোনো হুমকি হতে পারি।’

হিলটন হোটেলে হওয়া ঘটনাটি যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ঘটনার সময় অনেকেই হোটেলের বিশাল বলরুমে ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে নিজের পরিকল্পিত নতুন বলরুমকে এমন আয়োজনের জন্য তুলনামূলক নিরাপদ স্থান হিসেবে তুলে ধরেন।

ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘হোয়াইট হাউসে বর্তমানে নির্মাণাধীন সামরিক মানের অত্যন্ত গোপন বলরুম থাকলে এ ঘটনা কখনোই ঘটত না। যত দ্রুত সম্ভব এটির নির্মাণকাজ শেষ হওয়া দরকার!’

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ গতকাল একাধিক টক শোতে বলেছেন, অভিযুক্ত ব্যক্তি লস অ্যাঞ্জেলেস থেকে অ্যামট্রাকের ট্রেনে করে শিকাগো হয়ে পরে ওয়াশিংটনে গিয়েছেন। শুক্রবার তিনি হিলটন হোটেলে চেকইন করেন। টড ব্ল্যাঞ্চ আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাই এ হামলার সম্ভাব্য নিশানা ছিলেন।

যুক্তরাষ্ট্রে ট্রেনযাত্রীদের বিমানবন্দরের মতো ধাতব শনাক্তকরণ যন্ত্রের মাধ্যমে নিরাপত্তা পরীক্ষার মতো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় না।

রেল পরিষেবা প্রতিষ্ঠান অ্যামট্রাক বলেছে, তারা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে।