যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগ করব: ট্রাম্প

যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে পাল্টা হামলা চালানো নিয়ে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা চালানো হলে তিনি ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি ব্যবহার করবেন।

ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, ‘ইরান মাত্রই বলেছে যে তারা আজ অত্যন্ত কঠোরভাবে আক্রমণ চালাবে, তারা এত জোরালো হামলা চালাবে, যা আগে কখনো দেখা যায়নি। তবে তাদের এমনটা না করাই ভালো। কারণ, যদি তারা এটা করে, তাহলে আমরা এমন শক্তি ব্যবহার করে তাদের আঘাত করব, যা আগে কখনো দেখা যায়নি!’

ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারির পর ট্রাম্প এমন হুমকি দিয়েছেন। আজ রোববার ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে, খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলে হামলা চালাবে। তারা বলেছে, কিছুক্ষণের মধ্যে দখলকৃত অঞ্চল ও মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান শুরু হবে।