নিউইয়র্কে ট্রাম্প ভবন
নিউইয়র্কে ট্রাম্প ভবন

ট্রাম্প অর্গানাইজেশনের এত ব্যাংক হিসাব কেন বন্ধ, জানাল ক্যাপিটাল ওয়ান

কেন ট্রাম্প অর্গানাইজেশনের ব্যাংক হিসাব বন্ধ রাখা হয়েছে, তা নিয়ে করা এক মামলার জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান ফাইন্যান্সিয়াল। গত শুক্রবার প্রতিষ্ঠানটি বলেছে, অর্থ পাচারবিরোধী বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনার পর কয়েক বছর আগে হিসাবগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এই তথ্য প্রকাশের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো ব্যাংক আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ঘিরে অর্থ পাচারের ঝুঁকি বা উদ্বেগের কথা উল্লেখ করল।

ক্যাপিটাল ওয়ান আদালতের কাছে মামলাটি খারিজের আবেদন করছে। ট্রাম্প অর্গানাইজেশনকে অবৈধভাবে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত করা হয়েছে অথবা ধর্মীয় বা রাজনৈতিক কারণে সেবা প্রত্যাখ্যান করা হয়েছে—এমন অভিযোগের ভিত্তি নিয়েও প্রতিষ্ঠানটি প্রশ্ন তুলেছে।

মামলার বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্স থেকে ট্রাম্প অর্গানাইজেশন এবং ক্যাপিটাল ওয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে সে অনুরোধে সাড়া মেলেনি।

ক্যাপিটাল ওয়ান কখনোই ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে অবৈধ অর্থ পাচারের অভিযোগ আনেনি। তবে শুক্রবার আদালতে দাখিল করা নথিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘নথিপত্র এবং বাদীপক্ষের নিজস্ব অভিযোগ থেকেই স্পষ্ট, ক্যাপিটাল ওয়ান অর্থ পাচাররোধী (এএমএল) কারণেই বাদীদের হিসাব বন্ধ করেছিল। এসব হিসাব বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কয়েক মাসের বিশ্লেষণ এবং ক্যাপিটাল ওয়ানের অর্থ পাচাররোধী দলের সতর্ক পর্যালোচনার পর। ব্যাংকের নীতিমালা ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই তা করা হয়েছে।’

ক্যাপিটাল ওয়ান ২০২১ সালের মার্চে ট্রাম্প-সংশ্লিষ্ট ৩০০টির বেশি ব্যাংক হিসাব বন্ধ করার পরিকল্পনার কথা জানায়।

ক্যাপিটাল ওয়ান ২০২১ সালের মার্চে ট্রাম্প-সংশ্লিষ্ট ৩০০টির বেশি ব্যাংক হিসাব বন্ধ করার পরিকল্পনার কথা জানায়।

ট্রাম্প অর্গানাইজেশন এবং প্রেসিডেন্টের ছেলে এরিক ট্রাম্প ২০২৫ সালের মার্চে ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে ক্যাপিটাল ওয়ানের বিরুদ্ধে মামলা করেন।

তাঁদের অভিযোগ ছিল, ক্যাপিটাল ওয়ান নিজেদের অতি–সচেতন অবস্থানের কারণে এবং ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে দাঙ্গার পর সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির সুবিধা নেওয়ার লক্ষ্যে এসব হিসাব বন্ধ করেছে।

‘ভুল ধারণাভিত্তিক’ অভিযোগ: ক্যাপিটাল ওয়ান

মিয়ামির ফেডারেল আদালত ক্যাপিটাল ওয়ান-সংক্রান্ত মামলায় দুটি অভিযোগপত্র খারিজ করে দিয়েছে। তবে প্রতিবারই বাদীপক্ষকে সংশোধিত অভিযোগপত্র দাখিলের সুযোগ দেওয়া হয়েছে।

ক্যাপিটাল ওয়ান বলেছে, জুলাইয়ে দাখিল করা সর্বশেষ অভিযোগপত্রেও ‘আগের দুটি অভিযোগপত্রের মতো একই মৌলিক ত্রুটি রয়েছে।’

ক্যাপিটাল ওয়ান শুক্রবার আদালতে দাখিল করা নথিতে বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার যে অভিযোগ ট্রাম্প অর্গানাইজেশন করছে তা ‘ভুল ধারণাভিত্তিক’ এবং আদালতে জমা দেওয়া নথির সম্পূর্ণ প্রেক্ষাপট বিবেচনা না করে বেছে নেওয়া কিছু উদ্ধৃতির ওপর ভিত্তি করে তৈরি।

নথিতে বলা হয়েছে, ‘ক্যাপিটাল ওয়ান যে লেনদেনের ধরনগুলো শনাক্ত করেছে, সেগুলো ফেডারেল ব্যাংকিং নির্দেশনায় ঝুঁকিপূর্ণ বা নজরদারির জন্য চিহ্নিত কার্যক্রমের ধরনের অন্তর্ভুক্ত।’

নথিতে বলা হয়েছে, ‘ক্যাপিটাল ওয়ান যে লেনদেনের ধরনগুলো শনাক্ত করেছে, সেগুলো ফেডারেল ব্যাংকিং নির্দেশনায় ঝুঁকিপূর্ণ বা নজরদারির জন্য চিহ্নিত কার্যক্রমের ধরনের অন্তর্ভুক্ত।’

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকে তাঁর প্রশাসন কয়েকটি বড় ব্যাংকের ওপর চাপ দিয়েছে। তাঁর এ অবস্থান রক্ষণশীলদের সেই অভিযোগেরই প্রতিধ্বনি—রক্ষণশীলদের অভিযোগ, এসব আর্থিক প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ডানপন্থীদের লক্ষ্যবস্তু করছে।