আতঙ্কিত অতিথিরা বেরিয়ে আসছেন
আতঙ্কিত অতিথিরা বেরিয়ে আসছেন

ভোজের মঞ্চে ট্রাম্প–মেলানিয়া, হঠাৎ শোনা গেল ‘৭–৮টি গুলির শব্দ’

জমকালো আয়োজন আর সাজানো মঞ্চ। হাজারের বেশি নামীদামি অতিথি। ছিলেন যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার প্রায় সবাই। মধ্যমণি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও।

এমনই একটি আয়োজনে হঠাৎ ছন্দপতন। রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা একটি আয়োজনে বিকট শব্দ। হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে অতিথিরা টেবিলের নিচে লুকোন। দ্রুতই মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে। পরে অতিথিদেরও।

ঘটনাস্থলে দায়িত্ব পালন করা একজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন তিনি।

ঘটনাটি স্থানীয় সময় গতকাল শনিবার রাতের। রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের জন্য আয়োজন হয়েছিল বার্ষিক নৈশভোজ। তাতেই অংশ নেন ট্রাম্প–মেলানিয়া।

মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও তাঁর ট্রুথ সোশ্যালে পোস্ট করে এ খবর জানিয়েছেন। বলেছেন, তিনি ও মেলানিয়া, ভাইস প্রেসিডেন্টসহ মন্ত্রিসভার সবাই অক্ষত আছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে সিএনএন জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ৩০ বছর বয়সী একজন পুরুষ। ক্যালিফোর্নিয়া থেকে এসেছেন।

বিবিসি বলছে, ঘটনার কিছু সময় পর ট্রাম্প দম্পতিকে হিলটন হোটেল থেকে নিরাপদে হোয়াইট হাউসে ফিরিয়ে নেওয়া হয়েছে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ট্রাম্পের।