কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি

সমালোচনার মুখে শ্বেতাঙ্গ বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ গঠন

গুলি
প্রতীকী ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে গুরুতর অপরাধে অভিযুক্ত করা হয়েছে ৮৫ বছরের শ্বেতাঙ্গ এক বৃদ্ধকে। ভুল করে কলবেল চাপায় কৃষ্ণাঙ্গ এক কিশোরকে গুলি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ ঘটনায় আটকের এক দিন পরই ওই বৃদ্ধকে ছেড়ে দেওয়া হয়। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে তাঁর বিরুদ্ধে গতকাল সোমবার ফৌজদারি অভিযোগ গঠন করা হলো।

গত বৃহস্পতিবার রাতে ১৬ বছরের রালফ পল ইয়ার্লেকে দুবার গুলি করেন ওই বৃদ্ধ। একবার তার মাথায় গুলি লাগে। বন্ধুর বাসা থেকে যমজ ভাইকে নিতে গিয়েছিল রালফ। তবে ভুলে ওই বৃদ্ধের বাসায় কলবেল বাজায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নেওয়ার ২৪ ঘণ্টা পর ওই বৃদ্ধকে ছেড়ে দেওয়া হয়। এ সময়ে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। সপ্তাহজুড়েই এ ঘটনা নিয়ে সমালোচনা চলে।

গতকাল ক্লে কাউন্টির কৌঁসুলি জেচারি থমসন বলেন, অ্যান্ড্রু লেস্টার নামের ওই বৃদ্ধকে গুরুতর অপরাধে অভিযুক্ত করা হয়েছে। হামলা ও সশস্ত্র অপরাধের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর জামিনের জন্য দুই লাখ ডলার নির্ধারণ করা হয়েছে।

রালফের স্বজন ফেইথ স্পুনমুরে বলেছেন, তাঁর ভাতিজা খুবই মেধাবী শিক্ষার্থী। সে রাসায়নিক প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করতে চেয়েছিল।

যুক্তরাষ্ট্রে গুলির ঘটনা নিয়মিত অপরাধে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রায় ৩৩ কোটি মানুষের বাস। অথচ সেখানে বন্দুক রয়েছে ৪০ কোটি।

হোয়াইট হাউস গতকাল সন্ধ্যায় বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রালফের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

কানসাসের পুলিশ প্রধান স্টাসে গ্রেভস গত রোববার রাতে সংবাদ সম্মেলনে বলেছেন, এ ঘটনায় তদন্ত চলছে।