
তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজের আয়োজন করেছিলেন জেনসেন হুয়াং। তখন সেখানে চলছিল ২০২৫ সালের প্রযুক্তি প্রদর্শনী ‘কম্পিউটেক্স’। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন অ্যালিস হুয়াং। রেস্তোরাঁর বাইরে কাচের জানালার ফাঁক দিয়ে দৃশ্যটি ভিডিও করছিলেন সাংবাদিকেরা। বার্তা সংস্থা এএফপির যাচাই করা সেই ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে জেনসেন এক হাতে অ্যালিসকে জড়িয়ে ধরেন এবং অ্যালিস তাঁর ডান গালে চুমু দেন।
তাইওয়ানের রাজধানী তাইপের এক রেস্তোরাঁয় নৈশভোজের আয়োজন করেছিলেন জেনসেন হুয়াং। তখন সেখানে চলছিল ২০২৫ সালের প্রযুক্তি প্রদর্শনী ‘কম্পিউটেক্স’। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন অ্যালিস হুয়াং। রেস্তোরাঁর বাইরে কাচের জানালার ফাঁক দিয়ে দৃশ্যটি ভিডিও করছিলেন সাংবাদিকেরা। বার্তা সংস্থা এএফপির যাচাই করা সেই ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে জেনসেন এক হাতে অ্যালিসকে জড়িয়ে ধরেন এবং অ্যালিস তাঁর ডান গালে চুমু দেন।
ওই ঘটনার প্রায় দেড় বছর পর ২০২৬ সালের ৮ নভেম্বর এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং নিজ কর্মীদের একটি ই–মেইল পাঠান। সেখানে তিনি অকপটে স্বীকার করেন, তিনি স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে পারেননি। নিজের এই আচরণে স্ত্রী ও সন্তানেরা গভীরভাবে আঘাত পেয়েছেন উল্লেখ করে তিনি পরিবার ও সহকর্মীদের কাছে ক্ষমা চান। একই সঙ্গে স্ত্রীর পরিবারের আস্থা ফেরাতে সময় চেয়ে নিজের অঙ্গীকারের কথা জানান।
ঠিক সেদিনই এনভিডিয়ার পরিচালনা পর্ষদ একটি স্বাধীন তদন্তের ঘোষণা দেয়। বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা জেনসেন হুয়াংকে লক্ষ্যবস্তু বানিয়েছিল কি না—সংবাদমাধ্যমে আসা এমন খবরের সত্যতা খতিয়ে দেখার কথা জানায় বোর্ড। এই পুরো খবরের কেন্দ্রবিন্দুতে ছিলেন সেই অ্যালিস হুয়াং। তিনি এমন একটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ছিলেন, যেটি এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ কিনত।
নৈশভোজের আগের সেই ছবি
সফটওয়্যার প্রতিষ্ঠান নেটথান্ডার পেশাদারদের প্ল্যাটফর্ম লিংকডইনে একটি ছবি পোস্ট করেছিল। ওই নৈশভোজের আগের বছর তাইপেতে কম্পিউটেক্স চলাকালে ছবিটি তোলা হয়েছিল। ছবিতে প্রযুক্তি খাতের কয়েকজন শীর্ষ নির্বাহীর সঙ্গে জেনসেন ও অ্যালিসকে পাশাপাশি দেখা যায়। একটি সূত্রের বরাতে রয়টার্স নিশ্চিত করেছে, ছবিতে জেনসেনের পাশেই বসা নারীটি ছিলেন অ্যালিস।
নেটথান্ডারের প্রধান পার্কার শ্মিট দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, নির্বাহীদের ওই আড্ডায় অ্যালিস দাবি করেছিলেন, তিনি জেনসেনকে সেখানে নিয়ে আসতে পারবেন। শ্মিটের ভাষ্যমতে, অ্যালিসের সেই কথার অল্প সময়ের মধ্যেই সেখানে হাজির হন জেনসেন। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস জানায়, এনভিডিয়ার ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, ওই আড্ডায় যোগ দেওয়ার পরিকল্পনা জেনসেনের আগেই ছিল।
অ্যালিস চীনের নাগরিক। তিনি ‘হুয়াং লে’ নামেও পরিচিত। রয়টার্স ৩০টির বেশি আর্থিক ও করপোরেট নথি যাচাই করে তাঁর ব্যবসায়িক ক্যারিয়ারের তথ্য বের করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, অ্যালিস সাংহাইয়ের একটি শীর্ষ বিনিয়োগ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি সিঙ্গাপুরভিত্তিক ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’-এর মূল নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হন। এমনকি সিঙ্গাপুরের সরকারি নথিতে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবেও অ্যালিসের নাম রয়েছে।
মেগাস্পিড থেকে জেনসেনের দিকে নজর গেল যেভাবে
মেগাস্পিড মূলত বড় বড় ডেটা সেন্টার পরিচালনা করে। তারা এনভিডিয়ার চিপচালিত কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা গ্রাহকদের কাছে ভাড়া দেয়। গ্রাহক প্রতিষ্ঠানগুলো সেই ক্ষমতা কাজে লাগিয়ে নিজেদের এআই মডেল তৈরি ও পরিচালনা করে থাকে। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চীনের আলিবাবাসহ একাধিক প্রভাবশালী চীনা প্রতিষ্ঠান মেগাস্পিডের এই ক্লাউড সেবা নিয়েছে। রয়টার্স জানায়, এনভিডিয়া তাদের নিজস্ব তালিকাতেও মেগাস্পিডকে ক্লাউড সহযোগী হিসেবে উল্লেখ করেছে।
নিউইয়র্ক টাইমসের দেখা বাণিজ্যিক নথি অনুযায়ী, মালয়েশিয়ায় মেগাস্পিডের একটি সহযোগী প্রতিষ্ঠান দুই বছরের কম সময়ে অন্তত ৪৮০ কোটি ডলারের এআই সরঞ্জাম কিনেছিল। সেসব সরঞ্জামে এনভিডিয়ার সর্বাধুনিক চিপ ও প্রযুক্তি ছিল। পত্রিকাটি আরও জানায়, মার্কিন বাণিজ্য দপ্তরের এক কর্মকর্তা মালয়েশিয়ায় মেগাস্পিডের ডেটা সেন্টার পরিদর্শনে গিয়ে এনভিডিয়ার বিপুল প্রযুক্তি সরঞ্জাম এখনো অবিক্রীত বা বাক্সবন্দী অবস্থায় দেখতে পান।
মার্কিন বাণিজ্য দপ্তর মেগাস্পিডের এই চিপ কেনাকাটা নিয়ে আগেই অনুসন্ধান শুরু করেছিল। তাদের তদন্তের মূল বিষয় ছিল, প্রতিষ্ঠানটি মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে চীনে চিপ পাচারে ভূমিকা রাখছিল কি না। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, বাণিজ্য দপ্তরের সেই অনুসন্ধান পরে থমকে যায় এবং বিষয়টি এখন মার্কিন বিচার দপ্তর (ডিওজে) খতিয়ে দেখছে।
এনভিডিয়া নিউইয়র্ক টাইমসকে জানায়, মেগাস্পিডের বিরুদ্ধে এমন অভিযোগ তারা আগেও খতিয়ে দেখেছে, কিন্তু চোরাপথে চিপ পাঠানোর কোনো প্রমাণ তখন পায়নি। অন্যদিকে মেগাস্পিড পত্রিকাটিকে জানায়, অভিযোগগুলো তদন্ত করতে তারা বাইরের আইনজীবী নিয়োগ করেছে এবং তারা মার্কিন সরকারের তদন্তে সব ধরনের সহায়তা করবে।
দ্য নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন গোয়েন্দারা অ্যালিসের ওপর নজরদারি চালাতে গিয়ে দেখতে পান, তিনি এক মার্কিন নাগরিকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। গোয়েন্দারা অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হন, ওই ব্যক্তি আর কেউ নন, এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং। পত্রিকাটি জানায়, মার্কিন গোয়েন্দাদের সে সময়ের বিশ্বাস ছিল, অ্যালিস সরাসরি বেইজিংয়ে তথ্য পাচার করছিলেন। তবে তিনি ঠিক কী ধরনের তথ্য পাচার করেছিলেন, তা নিশ্চিত করতে পারেনি পত্রিকাটি।
অক্টোবরের শেষভাগে নিউইয়র্ক টাইমসে দুজনের এই ঘনিষ্ঠ যোগাযোগ ও গোয়েন্দা সন্দেহের খবর প্রকাশিত হয়। তখন এনভিডিয়ার মুখপাত্র জন রিজো সাফাই দিয়ে বলেন, গ্রাহক প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে নিয়মিত বৈঠক করা জেনসেনের স্বাভাবিক দায়িত্বের অংশ।
তিনি দাবি করেন, মেগাস্পিডের মতো গ্রাহকেরা কেবল সাধারণ ব্যবসায়িক তথ্য পায়; জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো গোপনীয় বা সংবেদনশীল প্রযুক্তিগত তথ্য তাঁদের দেওয়া হয় না।
হুয়াং ক্ষমা চাওয়ার ঠিক দুই দিন আগে ফাইন্যান্সিয়াল টাইমস মার্কিন কর্মকর্তাদের একটি গোপন নথি নিয়ে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, কর্মকর্তারা দুজনের সম্পর্ককে সরাসরি ‘প্রেমের সম্পর্ক’ হিসেবে চিহ্নিত করেছিলেন। নিউইয়র্ক টাইমসের ভাষ্যমতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সরাসরি তত্ত্বাবধানে তৈরি নথিতে আরেকটি গোয়েন্দা মূল্যায়ন উঠে আসে।
গোয়েন্দাদের ধারণা ছিল, জেনসেনকে নিশানা করে গোপন তথ্য হাতিয়ে নিতে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (এমএসএস) স্বয়ং অ্যালিসকে নিয়োগ করেছিল।
নিউইয়র্ক টাইমস আরও জানায়, প্রায় এক বছর আগেই মার্কিন গোয়েন্দারা ডোনাল্ড ট্রাম্পকে এই নজরদারির বিষয়ে বিস্তারিত জানিয়েছিলেন। ফাইন্যান্সিয়াল টাইমসের খবর অনুযায়ী, মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই গোয়েন্দা মূল্যায়ন নথিটি শীর্ষস্থানীয় কয়েকজন মার্কিন কর্মকর্তার সঙ্গে বিনিময় করা হয়েছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এসব গুপ্তচরবৃত্তির অভিযোগকে পুরোপুরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। রয়টার্স জানায়, তারা নিরপেক্ষভাবে অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি এবং বক্তব্যের জন্য অ্যালিসের সন্ধানও পাওয়া যায়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেনসেনের সরাসরি যোগাযোগ ছিল। রয়টার্স জানিয়েছে, গত মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ চড়ে চীন সফরে গিয়েছিলেন জেনসেন।
চিপ রপ্তানি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ
এনভিডিয়ার তৈরি আধুনিক গ্রাফিকস চিপ একসঙ্গে জটিল গাণিতিক হিসাব সম্পন্ন করতে সক্ষম। মূলত এই চিপগুলো দিয়েই কৃত্রিম বুদ্ধিমত্তার বড় বড় এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া এবং তা কার্যকর রাখা হয়। যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনে এ ধরনের উচ্চপ্রযুক্তির চিপ রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তবে রয়টার্স জানায়, জেনসেন এই কড়াকড়ি শিথিল করার জন্য সরাসরি ট্রাম্প প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেনসেনের সরাসরি যোগাযোগ ছিল। রয়টার্স জানিয়েছে, গত মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ চড়ে চীন সফরে গিয়েছিলেন জেনসেন। ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, অনুমোদিত চীনা ক্রেতাদের কাছে এনভিডিয়ার তৈরি এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেওয়া হবে। মার্কিন বাণিজ্য দপ্তরও জানায়, নিরাপত্তার শর্ত মেনে আবেদনের ভিত্তিতে প্রতিটি রপ্তানি অনুমোদন আলাদাভাবে বিবেচনা করা হবে।
সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবর অনুযায়ী, অ্যালিসের উদ্দেশ্য ছিল জেনসেনকে ব্যবহার করা। তিনি চেয়েছিলেন, জেনসেন যেন মার্কিন সরকারের ওপর প্রভাব খাটিয়ে চীনে চিপ বিক্রির অনুমতি আদায় করেন। পাশাপাশি নিউইয়র্ক টাইমস আরেকটি উদ্বেগের কথা জানায়। তাদের ভাষ্য, চীনে চিপ রপ্তানি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ঠিক কী ভাবছেন—জেনসেনের কাছে এমন গোপন তথ্য থাকতে পারত। এসব তথ্য চীনের জন্য ছিল খুবই মূল্যবান।
গণমাধ্যমে প্রথম খবরটি আসার পরই মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র, গোয়েন্দা এবং চীনবিষয়ক তিন প্রভাবশালী স্থায়ী কমিটির প্রধানেরা জেনসেনকে কড়া চিঠি দেন। তাঁরা একটি যৌথ রুদ্ধদ্বার শুনানির প্রস্তাব দিয়ে অ্যালিসের সঙ্গে যোগাযোগের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করেন। বিদেশি গুপ্তচরবৃত্তি রুখতে এনভিডিয়ার পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা আছে কি না, সেই প্রশ্নও তোলেন আইনপ্রণেতারা। চিঠিতে তাঁরা স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কতটা ঝুঁকিতে পড়েছে, তা নিশ্চিত করা জরুরি।
বোর্ড কী নিশ্চিত করেছে
হুয়াং তাঁর চিঠিতে সম্পর্কের অন্য নারীর নাম প্রকাশ করেননি; এমনকি বোর্ডের বিবৃতিতে অ্যালিসের নামও ছিল না। তবে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, হুয়াং বোর্ডের কাছে অ্যালিসের সঙ্গে নিজের অন্তরঙ্গ সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। হুয়াং কর্মীদের জানিয়েছেন, তিনি তদন্ত প্রক্রিয়ায় পুরোপুরি সহযোগিতা করবেন। অন্যদিকে এনভিডিয়ার মুখপাত্র স্পষ্ট করেছেন, জেনসেন প্রধান নির্বাহী হিসেবে নিজের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
এনভিডিয়া জানিয়েছে, স্বাধীন পরিচালকদের নিয়ে গঠিত একটি বিশেষ কমিটি এই তদন্ত তদারকি করবে এবং সহায়তার জন্য বাইরের নিরপেক্ষ আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে।
পরিচালনা পর্ষদ জোর দিয়ে বলেছে, জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে, এমন কোনো প্রাথমিক প্রমাণ এখনো মেলেনি। তবে তদন্তকারীরা সব প্রমাণ নিখুঁতভাবে খতিয়ে দেখবেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এনভিডিয়ার তিনজন স্বাধীন পরিচালক ১৯৯০-এর দশক থেকেই বোর্ডের দায়িত্বে রয়েছেন। করপোরেট সুশাসন বিশেষজ্ঞ মার্ক গোল্ডস্টেইন সংস্থাটিকে জানান, তদন্তের বিশ্বাসযোগ্যতা অটুট রাখতে হলে কমিটির সদস্যদের সম্পূর্ণ নিজেদের পছন্দে নিরপেক্ষ আইনজীবী বাছাইয়ের স্বাধীনতা দেওয়া উচিত। পরিচালনা পর্ষদ অবশ্য তাদের আনুষ্ঠানিক ঘোষণায় হুয়াং ও তাঁর নেতৃত্বদানকারী দলের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে।
ওয়াশিংটন ও শেয়ারবাজারের প্রতিক্রিয়া
তদন্তের ঘোষণা আসার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ঘটনাটি নিয়ে এফবিআই তদন্ত চালাচ্ছে। রয়টার্স জানায়, ট্রাম্প জেনসেনের সঙ্গেও কথা বলেছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, জেনসেন তাঁকে বলেছেন, ওই নারীর কথিত কোনো গোয়েন্দা ভূমিকার বিষয়ে তাঁর বিন্দুমাত্র ধারণা ছিল না।
প্রতিনিধি পরিষদের কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিককে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, অ্যালিসকে ঘিরে তৈরি গোয়েন্দা মূল্যায়নের কথা বাণিজ্য দপ্তর আগে থেকে জানত কি না। একই সঙ্গে তাঁরা চীনে উন্নত এআই চিপের রপ্তানি অবিলম্বে বন্ধ করার দাবি জানান।
তদন্তের ঘোষণার পর প্রথম কার্যদিবসেই এনভিডিয়ার শেয়ারদর ৪ শতাংশের বেশি কমে বন্ধ হয়। ক্যালিফোর্নিয়ার সান হোসের একটি ফেডারেল আদালতে এনভিডিয়া ও হুয়াংয়ের বিরুদ্ধে যৌথ দেওয়ানি বা ‘ক্লাস অ্যাকশন’ মামলা করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, তাঁরা সম্পর্কের তথ্য গোপন রেখে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন অ্যালিসের পরিচিত দুজনের সূত্রে আরেকটি চাঞ্চল্যকর দাবি সামনে এনেছে। তাঁদের ভাষ্যমতে, জেনসেনের সঙ্গে অ্যালিসের ঘনিষ্ঠতার সূত্র ধরেই চীনা কোম্পানিগুলোর কাছে অন্তত ৭৫০ কোটি ডলারের এনভিডিয়া চিপ পৌঁছানো সম্ভব হয়েছিল। তবে এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো তাৎক্ষণিক জবাব দেয়নি এনভিডিয়া।
পরিচালনা পর্ষদ ১০ নভেম্বর পর্যন্ত তদন্তের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ফলাফল প্রকাশ করেনি। পুরো প্রযুক্তিবিশ্বে এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জেনসেনের সঙ্গে সম্পর্কের সূত্রে অ্যালিস কি আসলেই কোনো রাষ্ট্রীয় বা প্রযুক্তিগত স্পর্শকাতর তথ্য পেয়েছিলেন? আর পেয়ে থাকলে সেই গোপন তথ্য শেষ পর্যন্ত ঠিক কোথায় পৌঁছেছিল?
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, রয়টার্স, ফাইন্যান্সিয়াল টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, এএফপি, এল পাইস, অ্যাক্সিওস, দ্য ইনফরমেশন, ফোর্বস, এনভিডিয়ার বিবৃতি ও মার্কিন প্রতিনিধি পরিষদ।