১২ হাজার কর্মী ছাঁটাইয়ের মাঝেই কোটি কোটি ডলার আয় অ্যালফাবেট সিইও পিচাইয়ের

সুন্দর পিচাই
রয়টার্সের ফাইল ছবি

কর্মী ছাঁটাই নিয়ে সমালোচনার মুখে পড়েছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যালফাবেট। একই সঙ্গে আলোচনা হচ্ছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের বেতন–ভাতা গ্রহণের বিষয়টি নিয়েও। কর্মী ছাঁটাইয়ের সমালোচনার মধ্যেই সময়েই ২ হাজার ৩৭৫ কোটি টাকা (২২ কোটি ৬০ লাখ ডলার) বাবদ উপার্জন করেছেন পিচাই।

গতকাল শুক্রবার পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানি হিসেবে দেওয়া (সিকিউরিটিজ ফাইলিং) তথ্যে বিষয়টি জানা গেছে। তিনি যে পরিমাণ বেতন–ভাতা পেয়েছেন, তা অ্যালফাবেট কর্মীদের আয়ের ৮০০ গুণ।

অ্যালফাবেটের পক্ষ থেকে গত বছর বিশ্বজুড়ে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানানো হয়, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর ৬ শতাংশ।

পিচাই এবং অ্যালফাবেটের কর্মীদের মধ্যে আয়ের এই বৈষম্য উদ্বেগ বাড়িয়েছে। কেউ কেউ কোম্পানির কর্মীদের কল্যাণের পরিবর্তে নির্বাহী স্তরের কর্মীদের বেতনকে অগ্রাধিকার দেওয়া নিয়ে সমালোচনা করেছেন। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী অ্যালফাবেটের বিভিন্ন অফিসে ছাঁটাইয়ের বিরুদ্ধে কর্মচারীদের ক্ষোভ ছড়িয়েছে।

এপ্রিলের গোড়ার দিকে লন্ডনে গুগলের শয়ে শয়ে কর্মী সংস্থার ছাঁটাই পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন। একইভাবে, গত বছর মার্চ মাসে গুগলের জুরিখ অফিসের কর্মীরা ছাঁটাই সিদ্ধান্তের প্রতিবাদে অফিস থেকে বেরিয়ে যান। যার প্রভাব পড়েছিল ২০০ কর্মীর ওপর।