ইরানের কারাজে হামলায় বিধ্বস্ত বি ওয়ান সেতু। ৩ এপ্রিল ২০২৬
ইরানের কারাজে হামলায় বিধ্বস্ত বি ওয়ান সেতু। ৩ এপ্রিল ২০২৬

কারাজে ইরানের সবচেয়ে উঁচু সেতুতে হামলার কথা জানিয়ে ট্রাম্প বললেন, ‘আরও আসছে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার বলেছেন, কারাজে হামলা চালিয়ে ইরানের সবচেয়ে উঁচু সেতু বি ওয়ানকে ধ্বংস করা হয়েছে। ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে বলে হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্প এমন ঘোষণা দিলেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থা ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বি ওয়ান সেতুটির অবস্থান ইরানের আলবোরজ প্রদেশের কারাজে। আলবোরজ প্রদেশের উপগভর্নর গোদরাতুল্লাহ সাইফ বলেছেন, হামলায় ৮ জন নিহত এবং ৯৫ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যমের ওপর নানা প্রতিবন্ধকতা আরোপ থাকার কারণে বার্তা সংস্থা এএফপির কর্মীরা কারাজে হামলার স্থানে সরাসরি যেতে পারেননি। হতাহতের সংখ্যাও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে বি ওয়ান সেতু থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। তেহরান থেকে প্রায় ২০ মাইল (৩৫ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে বি ওয়ান সেতুর অবস্থান। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি পাঁচ সপ্তাহের এই যুদ্ধ বন্ধ করতে আলোচনায় না আসে, তাহলে আরও ধ্বংসযজ্ঞ চালানো হবে।

ট্রাম্প বলেন, ইরানের সবচেয়ে বড় সেতুটি ধসে পড়েছে, যা আর কখনো ব্যবহার করা যাবে না। সামনে আরও অনেক কিছু ঘটবে! ইরানের জন্য দেরি হয়ে যাওয়ার আগে চুক্তিতে আসার এখনই সময়। মহান দেশে পরিণত হতে পারার মতো তাদের হাতে আর কিছুই অবশিষ্ট নেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, অসমাপ্ত সেতুসহ বেসামরিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে ইরানিদের আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। বরং এটা বিশৃঙ্খল অবস্থায় থাকা শত্রুর পরাজয় ও নৈতিক পতনেরই ইঙ্গিত দেয়।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছিল, কারাজের বি ওয়ান সেতুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল দুটি হামলা চালিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, কিছুক্ষণ আগে মার্কিন-জায়নবাদী শত্রু আবারও কারাজের বি ওয়ান সেতুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রথম হামলায় দুজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশন আরও বলেছে, প্রথম হামলার ঘটনায় আহত ব্যক্তিদের সাহায্য করতে জরুরি সেবা প্রদানকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্বিতীয় হামলাটি হয়।

ইরানি সংবাদমাধ্যম ফারসের তথ্য অনুযায়ী, বি ওয়ান সেতুটি নির্মাণাধীন ছিল। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতু। এর একটি স্তম্ভের উচ্চতা ৪৪৭ ফুট (১৩৬ মিটার)।

গত বুধবার এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, তা প্রায় শেষের পথে আছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান তাঁর শর্ত না মানলে দেশটির ওপর ‘অত্যন্ত কঠোর’ হামলা চালানো হবে।

ট্রাম্প বলেন, ‘আগামী দুই থেকে তিন সপ্তাহে আমরা তাদের প্রস্তুর যুগে ফিরিয়ে নিয়ে যাব। সেটাই তাদের জন্য উপযুক্ত।’