খ্যাতনামা মানুষদের কাছ থেকে পাওয়া দেড় শতাধিক চিঠি প্রকাশ করছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স ফাইল ছবি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে বিশ্বের সুপরিচিত মানুষদের লেখা বেশ কিছু চিঠি প্রকাশ করতে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার ট্রাম্প ও প্রকাশনা সংস্থা উইনিং টিম পাবলিশিং-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রিচার্ড নিক্সন, কিম জং–উন ও অপরাহ উইনফ্রের মতো বড় বড় মানুষদের লেখা ১৫০টির বেশি চিঠি প্রকাশ করা হবে।

‘লেটারস টু ট্রাম্প’ নামে চিঠির সংকলনটি প্রকাশ করা হবে। বিভিন্ন দেশের নেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব, দৌড়বিদ এবং বড় ব্যবসায়ীদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত যোগাযোগ হয়েছিল, তারই চিহ্ন এ চিঠিগুলো।  

উইনিং টিম পাবলিশিং-এর প্রতিষ্ঠাতা সের্জিও গর এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, রাজপরিবারের সদস্য ও বড় বড় ব্যবসায়ীদের মধ্যে মিলের জায়গা কোনটি? তাঁরা সবাই ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসেন।

সের্জিও গর আরও বলেন, ‘রাজনীতিতে যোগ দেওয়ার অনেক আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প অসাধারণ জীবন যাপন করে আসছেন। লেটারস টু ট্রাম্প-এর মতো করে আর কোনো বইতে বিখ্যাত মানুষদের সঙ্গে তাঁর (ট্রাম্পের) সম্পর্কের জায়গাগুলোকে এভাবে প্রাধান্য দেওয়া হয়নি। পাঠকদের সঙ্গে তা আমরা ভাগাভাগি করতে পারব, তা ভাবতেই শিহরিত বোধ করছি।’

ট্রাম্পের চিঠির সংকলনটি আগামী মাসে প্রকাশ হতে যাচ্ছে। বইটিতে চার দশক ধরে বিনিময় হওয়া বিভিন্ন চিঠি থাকবে। সংকলনটিতে প্রতিটি চিঠির সঙ্গে ট্রাম্পের মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে। এখানে মাইকেল জ্যাকসন, ক্লিন্ট ইস্টউড, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের লেখা চিঠি আছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, রোনাল্ড রিগ্যান, জর্জ এইচ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামার কাছ থেকে পাওয়া চিঠিও আছে সেখানে।

আছে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের চিঠিও।
আগামী ২৫ এপ্রিল ‘লেটারস ফ্রম ট্রাম্প’ বাজারে আসবে। এর খুচরা মূল্য ৯৯ ডলার, আর তাঁর স্বাক্ষরিত কপির মূল্য ৩৯৯ ডলার।

গতকাল নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প চিঠির সংকলনটি সম্পর্কে লেখেন: ‘অনেক বছর ধরে আমার কাছে আসা সবচেয়ে অবিশ্বাস্য চিঠি এগুলো।’

ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র উইনিং টিম পাবলিশিং-এর সহপ্রতিষ্ঠাতা। গত বছর এ প্রকাশনা সংস্থা থেকে ‘আওয়ার জার্নি টুগেদার’ নামে একটি ফটো বুক প্রকাশ করা হয়েছিল। প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্পের বিভিন্ন ছবি ও ছোট বর্ণনা দিয়ে বইটি প্রকাশ করা হয়েছিল।