যুক্তরাষ্ট্রে বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বোমা তৈরির উপযুক্ত ইউরেনিয়াম ব্যবহারের উদ্যোগ

ইডাহো জাতীয় গবেষণাগারে যুক্তরাষ্ট্রের সেই ‘বিতর্কিত’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ফাইল ছবি: রয়টার্স

পারমাণবিক বোমা তৈরি করা যায় এমন ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তর ও নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনের সাবেক একদল সদস্য। মঙ্গলবার এই আহ্বান জানিয়ে তাঁরা বলেন, যুক্তরাষ্ট্র এটা করলে অন্য দেশও এতে উৎসাহী হবে।

ইডাহো জাতীয় গবেষণাগারে ‘মোল্টেন ক্লোরাইড রিঅ্যাক্টর এক্সপেরিমেন্ট (এমসিআরই)’ নামের একটি প্রকল্প হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। জ্বালানি মন্ত্রণালয় ও দুটি বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে এই পারমাণবিক প্রকল্পে ব্যবহৃত হবে ৬০০ কেজি জ্বালানি। এই জ্বালানিতে ৯৩ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম থাকবে।

মার্কিন জ্বালানি মন্ত্রণালয় ছাড়াও এই প্রকল্পের অংশীদার বিল গেটসের সমর্থনপুষ্ট প্রতিষ্ঠান টেরা পাওয়ার এলএলসি ও সাউদার্ন কোম্পানি। সরকারি ও বেসরকারি এই তিন প্রতিষ্ঠান আশা করছে, ছয় মাসের এই পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে তারা পারমাণবিক চুল্লির ক্ষেত্রে নতুন সাফল্য নিয়ে আসবে। তারা দাবি করছে, এতে দূষণ কমবে, যা জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলে।

কিন্তু এই প্রকল্প নিয়ে আপত্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনের সাবেক একদল সদস্য। তাঁদের মধ্যে সাবেক চেয়ারম্যান অ্যালিসন ম্যাকফারলেন ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে কাজ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন কয়েকজন নেতৃস্থানীয় সাবেক কর্মকর্তাও আছেন।

আপত্তি তুলে সাবেক এই কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের এ প্রকল্পের কারণে অন্য অনেক দেশ নতুন পারমাণবিক চুল্লি তৈরির অজুহাত দেখিয়ে বোমা তৈরির পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধ করবে।

জ্বালানি মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই বিশেষজ্ঞরা বলেন, ধারণানির্ভর এ জ্বালানি প্রযুক্তি প্রকল্পের সম্ভাব্য যেকোনো সুবিধার চেয়ে এর মাধ্যমে জাতীয় নিরাপত্তা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁদের আশঙ্কা, এ ধরনের পরীক্ষা দেখে জঙ্গিগোষ্ঠীগুলোও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাবে।