
যুক্তরাষ্ট্রে স্বঘোষিত একজন নবীর ২০ জনের বেশি স্ত্রী ছিলেন। তাঁদের কারও কারও বয়স ছিল ১৮ বছরের কম। আদালতে জমা দেওয়া হলফনামায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির
এফবিআই বলেছে, ঈশ্বরের ইচ্ছায় স্যামুয়েল র্যাপিলি বেটম্যান নামের ওই ব্যক্তি নিজের স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্কে জড়ান বলে তিনি দাবি করেছেন।
গত সেপ্টেম্বরে ৪৬ বছর বয়সী বেটম্যানের বিরুদ্ধে নথিপত্র ধ্বংস ও বিচারকাজের তদন্তে বাধার অভিযোগ আনা হয়। শিশুদের যৌন কার্যকলাপের জন্য নেওয়া হচ্ছে কি না, তাঁর বিরুদ্ধে এফবিআই সেটা তদন্ত করছে। গত শুক্রবার আদালতে এফবিআইয়ের জমা দেওয়া হলফনামায় এ বিষয়ে বিস্তারিত উঠে এসেছে।
ফান্ডামেন্টালিস্ট চার্চ অব জেসাস খ্রাইস্ট অব লেটার-ডে সেইন্টসের (এফএলডিএস চার্চ) একটি শাখার সদস্য বেটম্যান। মরমন ধারা থেকে বেরিয়ে যাওয়া একটি শাখা এটি। পরে বেটম্যান নিজেই আলাদাভাবে তাঁর অনুসারী তৈরি শুরু করেন।
এফবিআই বলছে, পুরুষ অনুসারীরা বেটম্যানকে আর্থিক সমর্থন জুগিয়েছেন। এমনকি তাঁরা নিজেদের স্ত্রী ও মেয়েকে তাঁর কাছে বিয়ে দিয়েছেন। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি আরও বলেছে, অনুসারীদের কেউ তাঁকে নবী মেনে ভক্তি না করলে শাস্তি দিতেন বেটম্যান।
গত আগস্টে ১১ থেকে ১৪ বছর বয়সী তিনটি মেয়েকে একটি ট্রেলার ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় বেটম্যানকে গ্রেপ্তার করা হয়। তিনি মুচলেকা দিয়ে জামিন পান। কিন্তু নথিপত্র ধ্বংস ও বিচারের তদন্তে বাধা দেওয়ার অভিযোগে পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এই বছরের শুরুর দিকে নয়টি মেয়েকে বেটম্যানের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যায় অ্যারিজোনা শিশু পরিষেবা। পরে তাদের গ্রুপ হোমসে (অসহায় কিশোরীদের জন্য বিশেষ আবাসনব্যবস্থা) রাখা হয়েছিল। কিন্তু নভেম্বরে তাদের আটজনই সেখান থেকে পালিয়ে যায়।
হলফনামার বক্তব্য অনুযায়ী, বেটম্যানের এক স্ত্রীর চালিয়ে নেওয়া একটি গাড়ি এক কর্মকর্তা দেখার পর ওই কিশোরীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় ওয়াশিংটন রাজ্য কর্তৃপক্ষ।
এফবিআই বলেছে, ওই চালক ও বেটম্যানের আরও দুই স্ত্রীর বিরুদ্ধে এক ফৌজদারি মামলায় অপহরণের অভিযোগ আনা হয়েছে। ওই চালক বলেন, ১৮ বছরের কম বয়সেই তিনি বেটম্যানকে বিয়ে করেছিলেন। বয়স ১৮ বছর হওয়ার ৭ মাস পর তিনি সন্তান জন্ম দেন বলে এফবিআইকে জানান।
এফবিআইয়ের কাছে জিজ্ঞাসাবাদে গ্রুপ হোমসে রাখা ৯ কিশোরীর কেউই বেটম্যানের হাতে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা বলেনি। তবে একাধিক জার্নালে তাঁর সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে মেলামেশার ইঙ্গিত দিয়েছে বলে হলফনামায় বলা হয়।
এফএলডিএস চার্চকে বিদ্বেষ ছড়ানো গোষ্ঠী হিসেবে ঘোষণা দিয়েছে সাউদার্ন ল পোভার্টি সেন্টার। স্ত্রী হিসেবে গ্রহণ করা কম বয়সী দুই ভক্তকে যৌন নিপীড়নের অভিযোগে ২০১১ সালে এফএলডিএসের এক নেতার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।