অনেকের কাছেই স্কেটবোর্ড মানে চাকা গড়িয়ে দ্রুতবেগে ছুটে চলা। কিন্তু যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড রাশ এই স্কেটবোর্ড দিয়েই দেখালেন ভিন্ন এক কসরত। পায়ে নয়, বরং তিনি একটি স্কেটবোর্ড নিজের থুতনির ওপর টানা এক ঘণ্টার বেশি সময় দাঁড় করিয়ে রেখে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। এর মধ্য দিয়ে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩৫০টির বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
স্কেটবোর্ড হলো চাকার ওপর বসানো একটি সরু বোর্ড, যার ওপর দাঁড়িয়ে মানুষ পা দিয়ে ঠেলে বা বিভিন্ন কৌশলে চালায়। এটি খেলাধুলার সরঞ্জাম, আবার চলাচলের মাধ্যম।
বোইস শহরের ওয়াইএমসিএ জিমনেসিয়ামে একটি পিৎজা বল সেশনের বিরতির সময় এই অভাবনীয় চ্যালেঞ্জ গ্রহণ করেন ডেভিড।
ঘড়ির কাঁটা যখন ১ ঘণ্টা ১ মিনিট ৩৬ সেকেন্ড অতিক্রম করে, তখন তিনি স্কেটবোর্ডটি থুতনি থেকে নামিয়ে আনেন।
গিনেস কর্তৃপক্ষ এই নির্দিষ্ট ক্যাটাগরিটি নতুনভাবে চালু করেছে। আর প্রথম ব্যক্তি হিসেবে শূন্য স্থানটি দখল করলেন ডেভিড। তবে এই রেকর্ড গড়ার কাজটি মোটেও সহজ ছিল না।
ডেভিড বলেন, স্কেটবোর্ডের গঠনশৈলীই ছিল তাঁর জন্য সবচেয়ে বড় বাধা। তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জটি শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যেই একটি বড় সমস্যা টের পেলাম। স্কেটবোর্ডের প্রান্ত বেশ ধারালো হওয়ায় ৩০ সেকেন্ড পার হতে না হতেই থুতনিতে তীব্র যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল থুতনির হাড় ছিদ্র হয়ে যাবে।’
ব্যথার চোটে চ্যালেঞ্জ সম্পন্ন করা যখন প্রায় অনিশ্চিত হয়ে পড়ছিল, তখন এক বন্ধুর স্কেটবোর্ড সংগ্রহশালা থেকে অপেক্ষাকৃত মসৃণ ও ভোঁতা প্রান্তের একটি বোর্ড খুঁজে বের করেন তিনি। সেটি গিনেসের নির্ধারিত ওজন ও আকারের শর্তাবলি পূরণ করলে নতুন উদ্যমে শুরু হয় তাঁর লক্ষ্য অর্জনের লড়াই।
ডেভিড রাশ কোনো সাধারণ শখের বশবর্তী হয়ে এসব করেন না। পেশায় প্রকৌশলী এই ব্যক্তি মূলত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষায় তরুণদের আগ্রহী করে তুলতেই এসব বিচিত্র রেকর্ড গড়ে আসছেন।