মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের খরচ কত, কী বলছেন বিশেষজ্ঞরা

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন প্রায় ২০০ কোটি ডলার পর্যন্ত খরচ হয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈশ্বিক সংঘাতের অর্থনৈতিক প্রভাব নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বিবিসিকে এমন ধারণার কথা বলেছেন।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের পরিচালক স্টেফানি সাভেল বলেন, অস্ত্র ব্যয়, সামরিক খরচ, যুক্তরাষ্ট্রের সম্পদের ক্ষতি এবং অন্যান্য খাতে খরচ মিলিয়ে এই যুদ্ধে ইতিমধ্যে দেশটির কয়েক হাজার কোটি ডলার খরচ হয়ে গেছে।
স্টেফানি সাভেল আরও বলেন, যুদ্ধ যত দিন চলবে, প্রতিদিনই সরকারি ঋণের ওপর বিশাল চাপ যুক্ত হবে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মার্চ মাসের শুরুতে কংগ্রেসকে বলেছে, যুদ্ধের প্রথম ৬ দিনেই তাদের ১ হাজার ১৩০ কোটি ডলার খরচ হয়েছে। তবে সাভেলের ধারণা, প্রকৃত খরচের পরিমাণ আরও বেশি হতে পারে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিরক্ষা বাজেট বিশেষজ্ঞ লিন্ডা বিলমেস মনে করেন, বর্তমানে যুদ্ধের দৈনিক খরচ ২০০ কোটি ডলারের কাছাকাছি।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের পরিচালক স্টেফানি সাভেলের মতে, এই বিপুল খরচের চাপ শেষ পর্যন্ত সাধারণ মার্কিন নাগরিকদের ওপরই পড়ে। ইতিমধ্যে জ্বালানির দামে ‘অস্থিরতা’ তৈরি হয়েছে। মূল্যস্ফীতি, ব্যবসায়িক অনিশ্চয়তা এবং বিমা খরচের ওপর দীর্ঘ মেয়াদে এর প্রভাব পড়তে পারে।

এদিকে হোয়াইট হাউস মার্চ মাসেই ইরান যুদ্ধের জন্য অতিরিক্ত ২০ হাজার কোটি ডলার বরাদ্দ চেয়েছে। সাভেল একে ‘বড় অঙ্কের বরাদ্দ’ বলে উল্লেখ করেছেন।