
ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডোমিনিয়ন ভোটিং সিস্টেমসের করা মানহানির মামলা ৭৮ কোটি ৭৫ লাখ মার্কিন ডলারে আপস করেছে ফক্স করপোরেশন ও ফক্স নিউজ। গতকাল মঙ্গলবার এ মামলার সমঝোতার মাধ্যমে বড় ধরনের বিচারিক প্রক্রিয়া থেকে রেহাই পেল বিশ্বের অন্যতম শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠান ফক্স নিউজ। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে কারচুপি নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মানহানির মামলা করেছিল ডোমিনিয়ন ভোটিং সিস্টেমস।
আইনবিশেষজ্ঞরা বলছেন, কোনো মার্কিন গণমাধ্যম প্রতিষ্ঠানের পক্ষ সবচেয়ে বেশি অর্থ খরচ করে সমঝোতার ঘটনা এটিই প্রথম। ২০২১ সালে করা এই মামলায় ১৬০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়েছিল ডোমিনিয়ন ভোটিং সিস্টেমস। এ মামলার কার্যক্রম শুরুর জন্য গতকাল সকালেই জুরি ঠিক করা হয়। ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন আদালতে মামলার কার্যক্রম শুরুর আগমুহূর্তেই দুই পক্ষ সমঝোতায় রাজি হয়।
ডোমিনিয়ন ভোটিং সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা জন পাউলোস একে ‘ঐতিহাসিক’ ঘটনা বলে উল্লেখ করে বলেন, ‘আমাদের গণতন্ত্রের জন্য গণমাধ্যমে সত্য সংবাদ তুলে ধরা জরুরি।’
মামলার বিষয়বস্তু ছিল, ডেনভারভিত্তিক ডোমিনিয়নের ভোট গণনাযন্ত্রে কারচুপি করে ট্রাম্পকে হারিয়ে বাইডেনকে বিজয়ী করা হয়েছে, এমন মিথ্যা দাবি প্রচারে ফক্স কতটা দায়ী।
সমঝোতার ফলে আদালতে ফক্স নিউজের পরিচিত বেশ কিছু ব্যক্তিকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে হবে না। এতে ফক্স করপোরেশনের চেয়ারম্যান ৯২ বছর বয়সী রুপার্ট মারডক, সঞ্চালক টাকার কার্লসন, শন হ্যানিটি, জেনিন পিরোর মতো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতো।
ফক্স নিউজের উপস্থাপক নেইল কাভুতো ‘ইওর ওয়ার্ল্ড’ নামের এক অনুষ্ঠানে সমঝোতা হওয়ার তথ্য তুলে ধরেন। ফক্স নিউজের একটি বিবৃতি সরাসরি সম্প্রচার করা হয়। তাতে বলা হয়, ‘ডোমিনিয়ন ভোটিং সিস্টেমের সঙ্গে আমাদের বিরোধের নিষ্পত্তি করতে পেরে আনন্দিত। এই সমঝোতা ফক্সের সাংবাদিকতার সর্বোচ্চ মানের প্রতিশ্রুতি প্রতিফলন ঘটায়।’
তবে এই সমঝোতার মাধ্যমে আদালতের রায়কে স্বীকার করে নেওয়া হচ্ছে, যাতে ডোমিনিয়ন সম্পর্কে কিছু দাবি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
ফক্স নিউজ প্রকাশ্যে ক্ষমা চাইবে কি না, সে সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছেন ডোমিনিয়নের আইনজীবীরা।