বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে মিত্রদের সঙ্গে একযোগে কাজ করবে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের হামলায় রুশ নিয়ন্ত্রিত মেলিতোপোল শহরের একটি রেলওয়ে ডিপো ধ্বংস।
ইউক্রেনে রাশিয়ার ‘আগ্রাসনের’ বিচারে বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দেওয়া এ সমর্থনের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ ধরনের কোনো অপরাধের বিচারের উদ্যোগ গতি পেতে যাচ্ছে।
এর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই বিশেষ ট্রাইব্যুনালের প্রতি সমর্থন জানিয়েছিল। এই ট্রাইব্যুনাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নতুন অভিযোগ আনতে পারে। যুদ্ধাপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পর এটি হবে সর্বশেষ আইনি পদক্ষেপ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে নিজ প্রতিবেশী দেশের ওপর রাশিয়ার ‘আগ্রাসনের অপরাধের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে’ মিত্রদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনে হামলা চালানোয় এই ট্রাইব্যুনাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নতুন অভিযোগ আনতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘উল্লেখযোগ্য আন্তর্জাতিক সমর্থন থাকবে আমরা এমন একটি আদালত গঠন করতে চাই, বিশেষ করে আমাদের ইউরোপের অংশীদারদের থেকে। ইউরোপের আরেকটি দেশেই আদালতটি বসবে।’
আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রের। এ অবস্থায় এই প্রথম ইউক্রেনের বিষয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনে সরাসরি সমর্থনের কথা জানাল দেশটি। গত বছরের নভেম্বরে একটি ট্রাইব্যুনাল গঠনের বিষয় সামনে আনে ইউরোপীয় ইউনিয়ন। পরে জানুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের প্রতি সমর্থন জানানো হয়।
আজ বৃহস্পতিবার ইউক্রেনে রুশ হামলার ৪০০তম দিন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এখনো ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালিয়ে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ভাষায়, বৃহত্তর প্রেক্ষাপটে সামনে দীর্ঘমেয়াদি যুদ্ধই দেখছে রাশিয়া।
গতকাল বুধবার সাংবাদিকদের পেসকভ বলেন, ‘আপনি যদি বৃহত্তর প্রেক্ষাপটে যুদ্ধের কথা বলেন—শত্রুরাষ্ট্র ও অবন্ধু দেশগুলোর সঙ্গে সংঘাত, যে হাইব্রিড যুদ্ধ তারা রাশিয়ার বিরুদ্ধে শুরু করেছে, সেটা দীর্ঘদিন ধরে চলবে। এ ক্ষেত্রে প্রেসিডেন্টকে (পুতিন) ঘিরে আমাদের মধ্যে দৃঢ়তা, আত্মবিশ্বাস, লক্ষ্যে অবিচলতা ও একতা থাকা প্রয়োজন।’
এদিকে ইউক্রেনের হামলায় রুশ নিয়ন্ত্রিত মেলিতোপোল শহরের একটি রেলওয়ে ডিপো ধ্বংস এবং শহরটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে রয়টার্স জানিয়েছে। রুশ বাহিনীর ওপর পাল্টা হামলা চালানো নিয়ে কিয়েভে চলা ক্রমবর্ধমান আলাপের মধ্যেই গতকাল ফ্রন্ট লাইন থেকে এত গভীরে এ হামলার ঘটনা ঘটল।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা যায়, বিস্ফোরণের ফলে মেলিতোপোলের রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে এসব ছবি যাচাই করা যায়নি। রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝঝিয়া অঞ্চলের প্রশাসন এই শহর থেকে পরিচালিত হয়। রাশিয়ার সঙ্গে একীভূত করা পাঁচটি অঞ্চলের একটি জাপোরিঝঝিয়া।
মেলিতোপোলের নির্বাসিত ইউক্রেনীয় মেয়র বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। রাশিয়ার নিয়োগ করা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, একটি রেলওয়ে ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটি এবং এর আশপাশের গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
অন্যদিকে আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইয়ার্স আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রব্যবস্থার (আইসিবিএম) মহড়া শুরু করেছে রাশিয়া। এ মহড়ায় অংশ নিয়েছে দেশটির কয়েক হাজার সৈন্য। পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপের মুখে পারমাণবিক অস্ত্র নিয়ে মস্কোর তৎপরতার অংশ এই মহড়া।
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রব্যবস্থার মহড়া চালানোর বিষয়টি গতকাল বুধবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতির মাধ্যমে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়, প্রায় ৩০০টি সামরিক সরঞ্জাম এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটের মোট তিন হাজারের বেশি সদস্য বুধবারের এই সামরিক মহড়ায় অংশ নেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়ার তিনটি অঞ্চলে সশস্ত্র বাহিনীর সদস্যদের সমন্বয়ে ইয়ার্স আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রব্যবস্থার মহড়া চালানো হয়। তবে কোন তিন অঞ্চলে মহড়া চালানো হয়েছে, এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।