যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়েস্ট ব্লুমফিল্ডের ‘টেম্পল ইসরায়েল’ সিনাগগে হামলার পর ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন এফবিআই সদস্যরা। ১২ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়েস্ট ব্লুমফিল্ডের ‘টেম্পল ইসরায়েল’ সিনাগগে হামলার পর ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন এফবিআই সদস্যরা। ১২ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ও সিনাগগ হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক এক সাজাপ্রাপ্ত আসামির গুলিতে একজন হত্যা এবং দুইজন আহত হয়েছেন। পরে তিনি নিজেও নিহত হন।

অন্যদিকে মিশিগানে লেবানিজ বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক তাঁর ট্রাক নিয়ে একটি সিনাগগ ও এর প্রাক্‌-প্রাথমিক বিদ্যালয়ে সজোরে ধাক্কা দেন। পরে তিনি নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন।

পরপর ঘটে যাওয়া এই দুটি ঘটনা মার্কিন ভূখণ্ডে হামলার আশঙ্কা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানে বিমান হামলা চালাচ্ছে এবং জবাবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধকে আরও তীব্র করে তুলেছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ইহুদি-বিদ্বেষী ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটির ইহুদি সম্প্রদায় আগে থেকেই উদ্বেগের মধ্যে ছিল। নতুন করে হওয়া এই হামলার পর তাদের মধ্যে এখন আতঙ্ক দেখা দিয়েছে। একই সঙ্গে উৎকণ্ঠায় রয়েছে মুসলিম সম্প্রদায়ও।

মিশিগানের ডেট্রয়েট শহরতলির ওয়েস্ট ব্লুমফিল্ডের ‘টেম্পল ইসরায়েল’ সিনাগগ ও এর ডে-কেয়ার সেন্টারে হামলা চালানো হলেও সেখানকার প্রশিক্ষিত নিরাপত্তাকর্মীদের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু হামলাকারীই নিহত হয়েছেন। ওকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল বুচার্ড সাংবাদিকদের বলেন, হামলাকারীর গাড়ির ধাক্কায় একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়ে সাময়িকভাবে জ্ঞান হারান। সিনাগগ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাদের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ১৪০ জন শিশুকে অক্ষত অবস্থায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

শেরিফ বুচার্ড জানান, সন্দেহভাজন ব্যক্তির ট্রাকটি ভবনে ধাক্কা দেওয়ার পর সেখানে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৩০ জন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুচার্ড বলেন, ‘বিশ্বজুড়ে যা ঘটে, তার প্রভাব মাঝে মাঝে আমাদের ওপরও পড়ে। তাই আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে।’

গতকাল বৃহস্পতিবার রাতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সিনাগগে হামলাকারী হিসেবে ৪১ বছর বয়সী আইমান গাজালি নামের এক ব্যক্তিকে শনাক্ত করেছে। লেবাননে জন্মগ্রহণকারী গাজালি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান।

সিবিএস নিউজ জানিয়েছে, লেবাননে নিজের পৈতৃক গ্রামে ইসরায়েলি বিমান হামলায় গাজালির দুই ভাই ও তাঁদের দুই সন্তান নিহত হওয়ার ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এফবিআই জানিয়েছে, তারা এই ঘটনা তদন্তের নেতৃত্ব দিচ্ছে। বিশেষ এজেন্ট জেনিফার রুনিয়ান এটিকে ‘ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে একটি পরিকল্পিত সহিংসতা’ বলে অভিহিত করেছেন।

বুচার্ডের দেওয়া তথ্যমতে, ওই ব্যক্তি তাঁর ট্রাক নিয়ে সিনাগগের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েন এবং একটি করিডর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় একজন নিরাপত্তা কর্মকর্তা তাঁকে লক্ষ্য করে গুলি চালান।

এর আগে গতকাল ভোরে ভার্জিনিয়ার নরফোকের ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটিতে গোলাগুলির এক ঘটনা নিয়ে এফবিআই আলাদাভাবে তদন্ত করছে। সেখানে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা মার্কিন সেনাবাহিনীর সদস্য বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ভুক্তভোগী তিনজনই ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট। ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটির সঙ্গে সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেখানকার প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষার্থীই সশস্ত্র বাহিনীর সদস্য।

এই ঘটনায় হামলাকারীও নিহত হয়েছেন। এফবিআইয়ের বিশেষ এজেন্ট ডমিনিক ইভান্স জানান, একদল ক্যাডেট শিক্ষার্থী (আরওটিসি) হামলাকারীকে ঠেকাতে আসলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হামলাকারী মারা যান।

এফবিআই বন্দুকধারীকে মোহাম্মদ জাল্লোহ হিসেবে শনাক্ত করেছে। জাল্লোহ ২০১৬ সালে আইএসকে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং ২০২৪ সালে কারাগার থেকে মুক্তি পান।